বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ, প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলায় মেগা আয়োজন সরকারের

Published:

Seva Sankalp Abhiyan

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় এবার বিজেপি সরকারের নয়া চমক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে (Narendra Modi Birthday) সামনে রেখে মাসব্যাপী বাংলায় আয়োজন করা হতে চলেছে মেগা কর্মসূচি। জানা গিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে চলবে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’ (Seva Sankalp Abhiyan)। আর এই কর্মসূচির মাধ্যমে যুব সমাজের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে বঙ্গ বিজেপি সরকার (Government Of West Bengal)। শুধু তাই নয়, এই অভিযানে প্রতিটি বুথে, প্রতিটি পরিবার নরেন্দ্র মোদির নামে ‘আশীর্বাদ কা দিয়া’ অর্থাৎ আশীর্বাদের প্রদীপ জ্বালানো হবে।

সেবা সংকল্প অভিযান পালন হবে রাজ্যে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে যে ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করবে তাতে টানা একমাস বাড়ি বাড়ি গিয়ে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ করবে বিজেপি ও তাদের গণসংগঠনগুলি। তবে এই কর্মসূচিকে শুধুমাত্র দলীয় প্রচারে সীমাবদ্ধ রাখতে চাইছে না বিজেপি। বুথ সদস্যদের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি বাড়ি পৌঁছনোর পরিকল্পনাও করা হয়েছে। শীঘ্রই বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা বুথ সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও সেবা সংকল্প অভিযানে প্রতিটি বুথে, প্রতিটি পরিবার প্রদীপ প্রজ্বলন করা হবে, আর এই কর্মসূচির নাম দেওয়া হবে ‘আশীর্বাদ কা দিয়া’ অর্থাৎ আশীর্বাদের প্রদীপ।

প্রধানমন্ত্রীর নামে জ্বালানো হবে আশীর্বাদ প্রদীপ

বিজেপির তরফে জানা গিয়েছে প্রতিটি প্রদীপ হবে নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ এর সম্মিলিত সংকল্পের প্রতীক। জানা গিয়েছে এই ভিডিও ক্যাম্পেন করা হবে। দলের কেন্দ্রীয় কার্যালয় হিন্দিতে মূল ভিডিও তৈরি করছে, পরে তা বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষায় রূপান্তর করা হবে। ভিডিওর ভাবনা ও দৃশ্যের কাঠামো একই রাখা হবে। কারণ এর মূল লক্ষ্য হল বুথ স্তরে সাধারণ মানুষ ও সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পৌঁছনো। তৈরি হচ্ছে থিম সং এবং সংক্ষিপ্ত তথ্যচিত্রও। এছাড়াও রক্তদান শিবির নিয়ে এক নয়া পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। সারা দেশের মতো এ রাজ্যেও অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন: ডলারের বিপরীতে অনেকটাই শক্তিশালী হল ভারতীয় রুপি, জানুন রেট

প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও দলকে একই সঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাইতো গোটা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। এছাড়াও এই কর্মসূচির তালিকায় থাকছে পদযাত্রা, বাইক র‍্যালি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রতিটি বিধানসভার ব্লক স্তরে হবে সেবা সেতু অভিযান। যেখানে নাগরিকরা পৌঁছনোর সঙ্গে সঙ্গে যোগ্যতা অনুযায়ী প্রকল্পের সুবিধাভোগী হিসাবে নথিভুক্ত হবেন।