সহেলি মিত্র, কলকাতা: অবশেষে চরম গরমের মধ্যেই মিলল সুখবর। বিভিন্ন হাওয়া অফিস জানিয়েছে আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের (Weather Today) তীব্র গরমের দাপট ক্রমেই কমতে শুরু করবে। এছাড়াও এপ্রিল মাসের শেষ সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ। সেইসঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি কেটে স্বাভাবিক গরম বিরাজ করবে বাংলায়। আজ রবিবার থেকে বাংলার বহু অংশে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আপনারও কি আজ ছুটির দিনে বাড়ি থেকে বেরোনোর প্ল্যান রয়েছে? তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমে আসা যাক আজ রবিবার ছুটির দিন সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ তুমুল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায়। উল্লেখিত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট শুরু হবে। এদিনও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। আজ ২৬ এপ্রিল এবং ২৭ এপ্রিল পশ্চিমবঙ্গ ও উত্তর হরিশা উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। এছাড়া বাদ বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে।
আরও পড়ুনঃ এক, দুই নাকি পাঁচ? কটি কাণ্ডের লাকি ব্যাম্বু আপনার জন্য শুভ জানুন
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন সোমবার কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণা জেলায় ব্যাপক বজ্রবিদ্যুত সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতেও চলবে দুর্যোগ। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে। উত্তরবঙ্গে বাদবাকি জেলা যেমন কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহজ হয় বৃষ্টির দাপট চলবে।










