‘সরকার পাল্টালে কেউ বাঁচবে না’ পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের

Published:

Abhishek On Police

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশকে কড়া আক্রমণ করলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোরবাগান সার্বজনীনের পুজো মন্ডপে হয়ে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ তুলে এবার মুখ্যমন্ত্রীর ভাইপো দেবদীপ অধিকারীকে জেলে ঢোকানোর দাবি তুললেন তিনি। মুখ্যমন্ত্রীকে একেবারে সরাসরি নিশানা করে অভিষেক বললেন, “কারা বলতো ভাইপোকে জেলে ঢোকাবো.. এবার নিজের ভাইপোকে জেলে ঢোকাবি? ক্ষমতা আছে নিজের ভাইপোকে জেলে ঢোকানোর?” একই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক। বললেন, ‘সরকার পাল্টালে কেউ বাঁচবে না! আমি হিসেব রাখব!”

পুলিশকে চরম হুঁশিয়ারি অভিষেকের

বৃহস্পতিবার, কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন চোরবাগান সার্বজনীনের পুজোমণ্ডপে হওয়া মর্মান্তিক দুর্ঘটনার দায় একপ্রকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবারের উপর চাপান অভিষেক! অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রীর ভাইপো দেবদীপ অধিকারীর দিকেও। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “নিজের ভাইপোকে গ্রেফতার করার ক্ষমতা আছে? পারলে রাজধর্ম পালন করুন। তাহলে বুঝবো।”

ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের আপ্তসহায়কের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, “আমার আপ্তসহায়ককে মিথ্যে মামলা দিয়ে প্রায় আড়াই মাসের বেশি তাঁকে কাস্টডিতে রাখা হয়েছে, দু’চারটে পুলিশ অফিসারকে দিয়ে.. তাঁদের বলা হয়েছে পুরস্কৃত করা হবে। যাঁরা শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহলনে চলছেন আমি সেই পুলিশ অফিসারগুলোকে বলব, এক একটা নাম চিহ্নিত করে রাখা থাকলো।”

 

আরও পড়ুন: ক্লাসপিছু একজনই শিক্ষক, পড়ুয়াদের উন্নতিতে ইনক্রিমেন্ট! বড় সিদ্ধান্তের পথে সরকার

এদিন একেবারে পশ্চিম মেদিনীপুরের এসপিকে নিশানা করে অভিষেক বলেন, “যাঁরা ভাবছেন ভাল ভাল পোস্টিং পাব মুখ্যমন্ত্রীকে খুশি করে, দু বছরে আপনাদের কী পরিণতি হয় আমিও দেখবো। আমিও এখানে থাকবো আপনারাও এখানে থাকবেন। কেউ ছাড় পাবেন না, কেউ রেয়াত পাবেন না। যাঁরা ভাবছেন বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের এসপি তাঁর কোথায় কোন আইনজীবীর সাথে সম্পর্ক সর্বজনবিদিত। রাতের অন্ধকারে মিটিং করে কীভাবে ফাঁসানো যায়.. আইনের বাইরে গিয়ে কাজ করা! যাঁরা মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য হাজার হাজার তৃণমূল কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে একটা পুলিশ অফিসারকেও আগামী দিন আমাদের সরকার রেয়াত করবে না! আর বাংলার মানুষ সব দেখছে কীভাবে এখানে অত্যাচার চলছে।”

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন