সহেলি মিত্র, কলকাতা: রবিবারেও দুর্যোগের সম্ভাবনা বাংলায়। এমনটাই পূর্বাভাস জারি (Weather Today) করল আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। সেইসঙ্গে হাওয়া তো রয়েছেই। দূরে শোনা যাচ্ছে মেঘের গর্জন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ রবিবার ছুটির দিনে কলকাতা, হাওড়া সহ বাংলার বহু জেলায় জলের সম্ভাবনা রয়েছে। আপনারও কি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়েছে? তাহলে বিশদে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন জানানো হয়েছে, আজ রবিবার ছুটির দিনে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবেই ঝড়-বৃষ্টি। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ অসম অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত রয়েছে। এছড়াও গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গে পাশাপাশি আজ রবিবার ভার-বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট বলে খবর।
আরও পড়ুনঃ প্রখর রোদেও গরম হবে না বাইকের ইঞ্জিন! এড়িয়ে চলুন এই ৪ ভুল
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার রয়েছে আবার বিধানসভা ভোটের গণনার দিন। এদিনও সমগ্র বাংলা জুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কালবৈশাখী সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ভারী বৃষ্টি পাশাপাশি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।










