প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা বিদায়ের মুখে এসেও কাটছে না দুর্যোগ। একের পর এক গুণাবদ্ধ এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টিমুখর (Rain) পরিস্থিতি তৈরি হয়েই চলেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন বৃষ্টির দাপট বাড়তে পারে। বাদ যাবেনা উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলি। সেখানেও দুর্যোগের সময় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে নিম্নচাপের পাশাপাশি একাধিক ভৌগোলিক বায়ুমণ্ডলীয় অক্ষরেখাও অত্যন্ত সক্রিয় রয়েছে। যার মধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান অঞ্চল থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ওপর দিয়ে সোজা উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে গিয়েছে। অন্যদিকে আবার সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। আর এই জটিল ওয়েদার সিস্টেমের জোড়া প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের দেওয়া বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিনেও সকাল থেকে আকাশ মূলত মেঘলা থাকবে। কমবেশি সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। তাই বাড়ির বাইরে বেরোলে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কাজের খোঁজ থেকে অভিযোগ সব এক জায়গায়, এলাকাবাসীর জন্য পোর্টাল লঞ্চ তরুণজ্যোতির
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের চিত্র দেখা যাবে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি মেজাজের বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।










