সহেলি মিত্র, কলকাতা: রবিবার ছুটির দিন আপনিও কি বাড়ির বাইরে রয়েছেন? তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ বিভিন্ন আবহাওয়া দফতরের তরফে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কার (Weather Update) কথা জানানো হয়েছে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। ইতিমধ্যেই বাংলার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। বেশ ঠান্ডা হাওয়াও বইছে, তবে বাতাসে যথেষ্ট আদ্রতা থাকায় একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ধেয়ে আসছে ঝড় বৃষ্টি
এমনিতেই বর্ষার প্রভাবে গতকাল রাজ্যের বেশ কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টিপাতের দেখা মিলেছে। ফলে আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। স্থান বিশেষে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির মাঝেও অস্বস্তিকর গরমের হাত থেকে আপাতত সম্পূর্ণ মুক্তি মিলছে না। আজ যেমন কিছুক্ষণের মধ্যে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়া পরিবর্তনের এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়ছে গরম। তবে নতুন সপ্তাহ থেকে ঝড় বৃষ্টির মাত্রা এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে। সোমবার পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, হুগলীতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে জেলায় জেলায়।
আরও পড়ুনঃ অবশেষে কলকাতা বিমানবন্দর থেকে সরছে মসজিদ, তোড়জোড় শুরু প্রশাসনের
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে যতই গরম, কম বৃষ্টিপাত থাকুক, উত্তরবঙ্গে আকাশ কাঁপানো ঝড় বৃষ্টির দাপট চলছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও একই থাকবে আবহাওয়া। তবে আগামী মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।










