সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: বর্ষার বিদায় লগ্নে এসেও প্রবল বৃষ্টি এবং বজ্রপাত যেন বাংলার কিছুই ছাড়তে চাইছে না। বরং একের পর এক নিম্নচাপ থেকে শুরু করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েই চলেছে বঙ্গোপসাগরে। তারওপর শক্তিশালী মৌসুমী অক্ষরেখা তো রয়েছেই। আজ সোমবার যেমন সারাদিন বাংলার আকাশ (Wether Today) মোটের ওপর মেঘলা থাকবে। যদিও বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা যদি বলি তাহলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বাঁকুড়া,  পুরুলিয়া, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বললে, উত্তর বিদর্ভ ও সংলগ্ন মধ্যপ্রদেশের উপর সৃষ্টি নিম্নচাপটি  দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের উপর অবস্থান করছিল। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে এটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি দক্ষিণ-পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর গুজরাটের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও গড় সমুদ্রপৃষ্ঠের মৌসুমি অক্ষরেখাটি এখন জয়সলমের, কোটা, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের নিম্নচাপ কেন্দ্র, রাজনন্দগাঁও, ভবানীপট্টনা হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চলবে মালদা, কালিম্পঙ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আরও পড়ুন: ভারতকে ৩৬০ কিমি গতির ইভোলগা ট্রেন দেওয়ার প্রস্তাব রাশিয়ার, বদলে যাবে রেল পরিষেবা

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আসা যাক। আপাতত দুর্যোগ চলবে দুই বঙ্গেই। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।