সহেলি মিত্র, কলকাতাঃ দুপুর হতে না হতেই বাংলার আকাশ ঘনিয়ে এল। কালো মেঘে ঢেকে পড়ল কলকাতা সহ বাংলার বহু জেলার আকাশ। শুরু হয়েছে মুহুর্মুহু বজ্রপাত। আকাশের মতিগতি মোটেও ভালো ঠেকছে না। যে কোনও মুহূর্তে ঝড় সহযোগে বৃষ্টি বাংলায় আছরে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা (Weather Update)। ফলে আপনিও যদি কোনও খোলা জায়গায় থেকে থাকেন তাহলে শীঘ্রই কোনও নিরাপদ জায়গায় চলে যান। বৃষ্টি কি আসছে?
তীব্র বজ্রপাত শুরু, ধেয়ে আসছে বৃষ্টি?
অক্ষরে অক্ষরে যেন মিলে গিয়েছে আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস। লেটেস্ট আপডেট অনুযায়ী, কিছুক্ষণের মধ্যে হাওড়া, কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত স্থানীয় শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে আর কিছুক্ষণের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ পরগণা, হাওড়া, হুগলী জেলায় ব্যাপক বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুতের ভ্রূকুটি রয়েছে।
তবে হাওড়া জেলার গঙ্গা সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে বলে খবর। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকাতেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের মতে, বর্তমানে রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে অবস্থিত মৌসুমি অক্ষরেখা বজায় রয়েছে। উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের গড় স্তর থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থানকারী ঘূর্ণাবর্ত এখনও বজায় রয়েছে, এছাড়াও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক আজ দুপুর বা বিকেলের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ব্যাপক ভারী থেকে অত্যাধিক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধসের সম্ভাবনা প্রবল হতে পারে।










