সহেলি মিত্র, কলকাতা: অতি গভীর নিম্নচাপের জেরে ভেসেছে কলকাতা-সহ একের পর এক জেলা। বর্তমানে এটি শক্তি ক্ষয় করে অন্য রাজ্যে রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস জারি করে জানানো হয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের ওপর একটি নিম্নচাপ রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ফলে এখনই বাংলা থেকে বৃষ্টি সরছে না। আজ রবিবার ছুটির দিনেও জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা (Weather Today)। ভারী বৃষ্টি কি হবে? চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ রবিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও খবর। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে প্রসঙ্গে। উত্তরবঙ্গে আপাতত দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ মোটের ওপর উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভিজবে কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি প্রতিঘন্টা।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিনও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতে পারে বৃষ্টির দাপট। আপাতত সেখানে আগামী ৩ অক্টোবর অবধি তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
অন্য একটি আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর অঞ্চলে আবারও নতুন একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিচ্ছে। বর্তমানে থাইল্যান্ডের উপর অবস্থানকারী একটি সুস্পষ্ট নিম্নচাপ গত কয়েক ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলের কাছাকাছি পৌঁছেছে। সিস্টেমটি আগামী কয়েকদিনে আরও কিছুটা শক্তি সঞ্চয় করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীকালে এটি বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অঞ্চলে আগামী ১ অক্টোবরের আশেপাশে পৌঁছানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।










