রবিতেও তুমুল ঝড়, বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল, শুক্রবার মাঝ দুপুরেই শহরে আচমকা নেমে এসেছিল সন্ধে। দক্ষিণবঙ্গে (South Bengal) তুমুল বৃষ্টি আর ঝড়ের দাপটে সব কিছুই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। কোনও কোনও লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়। আসলে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এবং ওড়িশার উপর ঘূর্ণাবর্তের প্রভাবেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামীকালও (Weather Tomorrow) থাকবে এমন পরিস্থিতি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও মাঝে মধ্যেই মেঘলা আকাশ দেখা যাবে। ভয়ংকর গরম এইসময় থাকবে না বললেই চলে। তবে দুপুর অথবা বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার ভারী থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। এদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল, রবিবার কলকাতায় সকাল থেকে পরিষ্কার আকাশ দেখা গেলেও বিকেলের দিকে মেঘের আনাগোনা দেখা যাবে। বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে, আগামী সপ্তাহ থেকে ঝড়-বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে। হাওয়া অফিসের মতে, বৃষ্টি থামার পরপরই বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যার ফলে বর্ষা প্রবেশের আগেই রাজ্যজুড়ে ফের গরমের দাপট দেখা দেবে।

আরও পড়ুন: স্কুলছাত্রীদের মাসে ৩ দিন পিরিয়ড লিভ! ঋতুস্রাব মর্যাদা প্রকল্প চালু করছে রাজ্য সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে এখনো বৃষ্টি দুর্যোগ কাটেনি। আগামীকাল রবিবার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মালদা ও দিনাজপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।