সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার সক্রিয় হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত। এ কারণে আমূল বদলে গিয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)। ঘন ঘন বাজ, বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর দাপট চলছে সমগ্র বাংলাজুড়ে। আজ শুক্রবারও যার ব্যতিক্রম ঘটবে না। আজও জেলায় জেলায় রয়েছে তুমুল দুর্যোগের সম্ভাবনা। এমনিতেই সকাল থেকে আকাশ মেঘলা হয়ে রয়েছে। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে সারাদিন আবহাওয়া কেমন থাকবে তা জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির দাপট চলবে বলে খবর।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের উপর ০.৯ কিমি উচ্চতায় একটি উর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে উত্তর আভ্যন্তরীন ওড়িশা পর্যন্ত ০.৯ কিমি উচ্চতায় একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আদ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড় ও সংশ্লিষ্ট কার্যকলাপের প্রবল সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: মে মাসে লটারি থেকে বিপুল আয় হবে এই ৮ রাশির! বাকিদের ভাগ্য কেমন?
আগামীকালের আবহাওয়া
শনিবার থেকে নতুন করে দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ঝড় বৃষ্টির দাপট শুরু হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং বাঁকুড়া জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ বলে খবর। উত্তরবঙ্গের কথা বললে, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত।










