সময়ের আগেই তৈরি ঘূর্ণিঝড়! শুরু অবিরাম বৃষ্টি, ২৮ তারিখ হবে আরও শক্তিশালী

Published:

Cyclone

সহেলি মিত্র, কলকাতাঃ সময়ের আগেই তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় (Cyclone)! বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল সেটা আজ লক্ষ্মীপুজোর দিন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে খবর। শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায়। যার ফলে ব্যাহত হয়েছে জনজীবন।

নিম্নচাপ থেকে তৈরি ঘূর্ণিঝড়!

দাবি করা হচ্ছে, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল সেটা আজ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এদিকে গতকাল রাত থেকে পুদুচেরিতে অবিরাম বৃষ্টি হচ্ছে। দিকে দিকে জল জমে গিয়েছে। ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমজনতা। এদিকে চেন্নাই, নাগাপত্তনম এবং কুড্ডালোর সহ নয়টি বন্দরে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, এই সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ভারী বৃষ্টির সতর্কতা জারি

২৪শে অক্টোবর পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮শে অক্টোবর সকালের মধ্যে সিস্টেমটি একটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। আইএমডি-র তথ্য অনুযায়ী, ২৮শে অক্টোবর সকালের দিকে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটির। স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুনঃ ভারতে ঢুকে বালি চুরি, আটকাতে গেলে BSF-র উপর হামলা বাংলাদেশি দুষ্কৃতিদের

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর পুদুচেরি, কারাইকাল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পুদুচেরির বেশ কয়েকটি অংশে, বিশেষ করে কোস্ট রোড, কৃষ্ণ নগর এবং লাসপেট সারুমের মতো শহরাঞ্চলে জল জমে থাকার খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জমে থাকা জল নিষ্কাশন এবং পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য পুদুচেরি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

google button