সহেলি মিত্র, কলকাতা: বাংলার আকাশে শরতের মেঘ। বাংলার আকাশ বাতাস যেন জানান দিচ্ছে দুর্গাপুজো আসন্ন। তবে কি বর্ষা বিদায়ের পথে? এই নিয়ে এখনো অবধি কিছু জানায়নি আবহাওয়া দফতর। বরং নতুন করে বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আজ শুক্রবার থেকে নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির ভ্রূকুটি। যদিও গরম অব্যাহত থাকবে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের নতুন করে দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জারি করা বিশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
বর্তমান আবহাওয়া সিস্টেম সম্পর্কে বললে, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে অমৃতসর,নাজিবাবাদ, হরদই, ফতেহগড়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রের কেন্দ্র এবং দীঘার উপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। বুলেটিন অনুযায়ী, আজ ভারী বৃষ্টির জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক শনিবার কেমন থাকবে এসব উত্তরবঙ্গ থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে উত্তরবঙ্গের প্রসঙ্গে বললে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে। এছাড়া বৃষ্টি চলবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বলে খবর।










