সহেলি মিত্র, কলকাতাঃ পর্যাপ্ত বাস না থাকায় হাহাকারের শেষ নেই সাধারণ মানুষের। বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু রুটে পুনরায় বাস পরিষেবা শুরু হয়েছে, সেইসঙ্গে সরকারি বাসে মহিলাদের ফ্রি-তে যাত্রার ঘোষণা অবধি করে দিয়েছে সরকার। কিন্তু তারপরেও বেশ কিছু রুটে পর্যাপ্ত বাসের দেখা নেই। ফলে এই নিয়ে সমস্যার শেষ নেই মানুষের। তবে চিন্তা নেই, কারণ খুব শীঘ্রই হয়তো পথে নামতে চলেছে আরও ১০০টি বাস তাও আবার ইলেকট্রিক। সেইসঙ্গে আবার সরকারি বাস (Electric Bus)।
রাস্তায় নামছে ১০০টি ইলেকট্রিক বাস!
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক রিপোর্ট অনুযায়ী, FAME scheme এর দৌলতে WBTC পেতে চলেছে ১০০ টি অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক বাস। অর্থাৎ একদিকে যেমন অতিরিক্ত বাস রাস্তায় দেখা যাবে, তেমনই আরও বহু মহিলা বিনামূল্যে বাসগুলিতে ভ্রমণ করতে সক্ষম হবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও কোন কোন রুটে এই বাস পরিষেবা মিলবে, কবে থেকে মিলবে সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।
কী প্রতিক্রিয়া মানুষের?
এদিকে এত কম সংখ্যক বাস নিয়ে সাধারণ মানুষ নাক সিটকোতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, মাত্র ১০০, অন্তত ১০০০টা বাস নামানো উচিৎ। অন্য একজন লিখেছেন, ‘একটা website হতে পারে কি, যাতে movement টা track করা যেতে পারে। যাত্রীদের সুবিধার্থে।’ একজন লিখেছেন, ‘কোন্ কোন্ রুটে দিচ্ছে খোঁজ নিয়ে জানাবেন।’ অপর একজন লিখেছেন, ‘গুয়াহাটি শহরে PMSeva দিয়ে কিচ্ছু ইলেকট্রনিক বাস চলতে দেখেছি। প্লিজ আলোকপাত করবেন। শহরের পাবলিক মোবিলিটি ভালো হোক।’
এদিকে সম্প্রতি যাত্রীদের সুবিধার্থে কলকাতার বেশ কিছু রুটে সরকারি বাস বাড়তে চলেছে বলে খবর। উল্টোডাঙ্গা-ইকো স্পেস, ইকো পার্ক-হাওড়া স্টেশন, উল্টোডাঙ্গা-সেক্টর ৫, যাদবপুর- করুণাময়ী, রথতোলা-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-রুবি, হাওড়া স্টেশন-গড়িয়া, হাওড়া স্টেশন-বিমানবন্দর, রুবি-হাওড়া রুটে বাড়তে চলেছে বাস পরিষেবা। সরকার জানিয়েছে, আগামী দিনে রাজ্যের সবকটি রুটেই সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে।










