অভিষেকের কাছে এক বিশেষ জিনিস খুঁজছে CID, কী সেটা? ফের করা হল তলব

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID-র মুখোমুখি হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত তিন বার হাজিরা এড়ালেও, বৃহস্পতিবার হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভবানীভবনে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, এদিন নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে যাওয়ার পর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেককে জেরা করেছিল সিআইডি (CID West Bengal)। অভিষেকের কাছে সিআইডির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, মূল বা অরিজিনাল রেজোলিউশন বুকটি এখন কোথায় ?

বিতর্কে এবার অরিজিনাল রেজলিউশন বুক

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সিআইডি যে প্রশ্নমালা তৈরি করেছিল গতকাল, তাতে যে রেজলিউশন বুক নিয়ে বিতর্ক উঠেছিল, সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাব চাওয়া হয়েছিল যে সই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, সেই নিয়ে যে অরিজিনাল রেজলিশন বুকটি ছিল, সেটি কোথায় গেল? কারণ তদন্তকারীদের দাবি, অরিজিনাল রেজলিউশন বুক উদ্ধার করা গেলে সহজেই মিলিয়ে দেখা সম্ভব হবে প্রকৃতপক্ষে কতজন বিধায়ক স্বাক্ষর করেছিলেন এবং অভিযোগ অনুযায়ী কতগুলি সই জাল।

বড় হাতের অক্ষরে স্বাক্ষর!

CID-র নজরে এসেছে, জমা দেওয়া নথিতে কয়েকজনের নাম ইংরেজির ক্যাপিটাল লেটার বা বড়হাতের অক্ষরে লেখা রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে কোনও বিধায়কের স্বাক্ষর কীভাবে শুধুমাত্র বড়হাতের অক্ষরে লেখা নাম হতে পারে? সেই নামগুলি আদৌ সংশ্লিষ্ট বিধায়কদের নিজের হাতে লেখা কি না, তা নিয়েও তদন্ত চলছে। এমনকি তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, ওই তালিকার একাধিক স্বাক্ষর প্রকৃত নয় এবং সেখানে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রেজোলিউশনের প্রতিলিপির নীচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর থাকায় তাঁর ভূমিকা সম্পর্কেও বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল CID- তরফে।

জানা গিয়েছে অভিষেককে একের পর এক প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল যে ৭০ জন বিধায়কের সম্মতি আদৌ নেওয়া হয়েছিল কি না, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না এবং ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন। এর আগে, ওই অরিজিনাল রেজলিউশন বুকের খোঁজে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে অভিষেকের বাড়িতেও গিয়েছিল CID। কিন্তু তার পরও সেটি মেলেনি। এদিকে ওই রেজলিউশন বুক তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: স্মার্ট মিটারে ১,০০০ টাকা রিচার্জ করলে কতদিন থাকবে বিদ্যুৎ সংযোগ! দেখুন হিসাব

উল্লেখ্য, গতকাল, নির্ধারিত সময়ের কিছু আগেই ভবানী ভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি। সরাসরি তদন্তকারীদের কক্ষে চলে যান। এখন দেখার সই জালিয়াতির অভিযোগ কতটা সত্য, অরিজিনাল নথি আদৌ উদ্ধার হবে কি না। পাশাপাশি তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।