আদালতে তোলা হল অভিষেকের আপ্তসহায়ককে, ফের হেফাজতে নিতে পারে সিআইডি

Published:

Sumit Roy

সৌভিক মুখার্জী, কলকাতা: জমি দুর্নীতি মামলায় রক্ষাকবচ প্রত্যাহার হতেই গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। প্রথমে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক সেখানে সুমিতকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে সেই হেফাজত শেষ হলে শনিবার মেদিনীপুরের সিজেএম আদালতে তোলা হয় তৃণমূল সাংসদের আপ্তসহায়ককে। এমনকি সুমিতের সঙ্গে ওই মামলায় ধৃত আরও তিনজন—অমিত ঘোষ, নিত্য রায় এবং লক্ষীকান্ত ভুঁইয়াকে আদালতে হাজির করানো হবে বলে খবর। ফের কি তাহলে সুমিতকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি?

আদালতে হাজির করানো হল সুমিত রায়কে

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন শালবনিতে সরকারি জমি দুর্নীতি করে ভুয়ো ডকুমেন্টের মাধ্যমে আত্মসাৎ এবং বিক্রির অভিযোগ ওঠে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। এমনকি ডেবরায় চাকরি দুর্নীতির মামলাতেও নাম জড়িয়ে পড়েছিল তাঁর। তবে সেই মামলায় হাইকোর্টে সুমিতের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি। কিন্তু জমি দুর্নীতি মামলায় স্বস্তি পাননি তিনি। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গিয়ে প্রথমে রক্ষাকবচ পেলেও তদন্তে অসহযোগিতার অভিযোগে সেই রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার পরপরই গ্রেফতার করা হয় সুমিতকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সেদিন সুমিতকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা সিআইডি। তৃণমূল সাংসদ সেই সময় বাড়িতে ছিলেন না। চোখের চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে রয়েছেন অভিষেক। এদিকে সুমিতকে জেলা আদালতে তোলা হলে সিআইডি সুমিতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। বিচারপতির নির্দেশ মেনে ৮ দিন পুলিশি হেফাজতে থাকার পর ফের আজ আদালতে তোলা হচ্ছে সুমিত রায়কে।

আরও পড়ুন: ‘খাম’ ঋতব্রতদেরই, ISF-র প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন

সূত্রের খবর, বৃহস্পতিবার সুমিতের স্ত্রী স্বামীর সঙ্গে দেখা করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। সিআইডি সুমিতকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই আধিকারিকরা কলকাতা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই খবর। তবে সিআইডি যে ১৪ পাতার চার্জশিট জমা দিয়েছে, তাতে সুজয় হাজরা সহ মোট চারজনের নাম রয়েছে। এর আগে গ্রেফতার হয়েছেন সুজয়। তবে অতিরিক্ত চার্জশিটে তাঁর নাম যোগ হতে পারে। এমনকি সুমিতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই আদালতে আবেদন জানিয়েছে সিআইডি।