রাজ্যের সব সরকারি স্কুল ও দপ্তরে লাগাতে হবে নেতাজির ছবি, জারি নির্দেশ

Published:

Govt Schools

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার সকল সরকারি দপ্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি (Netaji Photo in Government Offices) লাগানোর নির্দেশ দেওয়া হল প্রশাসনের তরফে। তবে শুধু সরকারি দপ্তর নয় পাশাপাশি সমস্ত সরকারি স্কুলগুলিতেও (Govt Schools) যাতে একই নির্দেশ পালন করা হয় তার জন্য সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নোটিস দিল স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ এবার থেকে রাজ্যের সরকারি দপ্তর থেকে শুরু করে সমস্ত সরকারি স্কুলে দেখা যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। ইতিমধ্যেই প্রকাশিত এই নোটিসকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বড় পদক্ষেপ

কয়েকমাস আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা শোরগোল পড়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছিল। বিজেপির রাজ‍্যসভার সাংসদ অনন্ত মহারাজও নেতাজিকে নিয়ে কুমন্তব্য করেছিলেন। না নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে, নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগ সামনে এলে, নির্দিষ্ট সেকশন অনুসারে পুলিশ ব্যবস্থা নেবে। আর এবার সরকারি সমস্ত অফিস এবং স্কুলগুলিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ নোটিস শিক্ষা দপ্তরের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে স্কুল শিক্ষা দফতরের তরফে সকল জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যের সমস্ত সরকারি কার্যালয় এবং বিদ্যালয়গুলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি লাগানো আবশ্যিক। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর একটি নির্দিষ্ট ছবি অনুমোদন করেছে, যেখানে নেতাজি ধুতি ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় রয়েছেন সেই ছবি দেওয়ালে লাগাতে হবে। এরজন্য সেই ছবিটি কলকাতার আলিপুরে অবস্থিত ‘উত্তীর্ণ’ থেকে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SBSTC চালু করল বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার বাস, জানুন রুট ও সময়সূচি

স্বাভাবিকভাবেই শিক্ষা দপ্তরের এই নির্দেশকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক স্তরে। এছাড়াও স্কুল শিক্ষা দপ্তরের তরফে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সকল অধস্তন কার্যালয়গুলি যেন তাদের নিজ নিজ কার্যালয় প্রাঙ্গণের বিশিষ্ট স্থানে সরকার অনুমোদিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটি সংগ্রহ করে যথাযথ এবং মর্যাদাপূর্ণভাবে প্রদর্শনের ব্যবস্থা করে। এখন দেখার এই নির্দেশ কতটা সাফল্যমন্ডিত করতে পারে দপ্তরগুলো।

google button