সৌভিক মুখার্জী, কলকাতা: ঋতব্রতপন্থী তৃণমূলকে প্রতীক হিসাবে খাম বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। দুই তৃণমূলের দড়ি টানাটানি শেষ হয়েছে গতকাল। কিন্তু এখানেই বিপাকে পড়ল আইএসএফ। কারণ, প্রথম থেকেই নওশাদ সিদ্দিকিদের নির্বাচনী প্রতীক খাম। এমনকি এবারে নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে এই চিহ্নেই জয়লাভ করে বিধায়ক হয়েছে নওশাদ। পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীও দিয়েছে আইএসএফ। তবে যেহেতু ঋতব্রতপন্থী তৃণমূলকে এই খাম বরাদ্দ করা হয়েছে, তাই এই চিহ্নে ভোটের লড়াই করতে পারবে না আইএসএফ (ISF Symbol)।
আইএসএফ-র থেকে কেড়ে নেওয়া হল খাম প্রতীক
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দেওয়া হয়। এমনকি কমিশন দুই শিবিরকেই তিনটি করে প্রতীক এবং নাম বিকল্প হিসেবে পাঠানোর নির্দেশ দেয়। সেই মতোই মমতাপন্থী তৃণমূলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশন ফুটবল খেলোয়াড়কে বেছে নিয়েছে। অন্যদিকে ঋতব্রতপন্থীদের পাঠানো বিকল্পগুলি থেকে খামকে বরাদ্দ করা হয়েছে। তবে যেহেতু আইএসএফ এই একই চিহ্নে এতদিন নির্বাচনে লড়াই করছে এবং তারা কমিশন স্বীকৃত দল নয়, তাই উপনির্বাচনে এই প্রতীকে লড়াই করতে পারবে না নওশাদ সিদ্দিকিরা। যদিও ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সুর চড়িয়েছেন ভাঙড়ের বিধায়ক।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আইএসএফ একটি রেজিস্টার্ড আনঅর্গানাইজড রাজনৈতিক দল। নির্বাচনের সময় তারা ১৯৬৮-এর সিম্বল নির্দেশ মেনে ফ্রি সিম্বল হিসেবে খাম বরাদ্দ করেছিল। তবে সেই নির্দেশের ১০-এ ধারায় জাতীয় এবং রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির প্রতীক সংরক্ষণে নির্দেশ দেওয়া হয়। তাদের প্রতীক অন্য কেউ ব্যবহার করতে পারবে না। বর্তমানে পশ্চিমবঙ্গে কমিশন স্বীকৃত মোট ৮টি রাজনৈতিক দল রয়েছে, যাদের মধ্যে ৬টি জাতীয় দল এবং রাজ্য দল ২টি। আর সেই ২টি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের জোড়াফুল ও সিংহ স্বাভাবিক নিয়মেই কেউ ব্যবহার করতে পারে না।
আরও পড়ুন: ঘাটতি নয়, জোগানে সম্পূর্ণ স্বনির্ভর বাংলা! এবার NTPC-কে কয়লা বিক্রি করছে সরকার
অন্যদিকে আরও এক ধারায় আনঅর্গানাইজড রাজনৈতিক দলগুলির প্রতীক বণ্টনের কথা বলা হয়। সেক্ষেত্রে বিধানসভা বা লোকসভা নির্বাচনে আবেদনের ভিত্তিতে দেওয়া হয় ফ্রি সিম্বল। কিন্তু উপনির্বাচনের সময় তারা সেই প্রতীক পাবে কিনা সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিবেচনার উপরেই নির্ভর করে। বর্তমানে আইএসএফ, আমজনতা উন্নয়ন পার্টিসহ একাধিক আনঅর্গানাইজড দল রয়েছে রাজ্যে। তাই এদের কোনও স্থায়ী বা সংরক্ষিত নির্বাচনের প্রতীক নেই। সেই কারণেই আইএসএফ এবার এই খাম প্রতীক ব্যবহার করতে পারবে না। এমনকি তামিলনাড়ুতে বিজয়ের দলের বাঁশি প্রতীকের সঙ্গে সামঞ্জস্য থাকায় হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টিও এবার বাঁশি প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করতে পারবে না বলে জানিয়েছে কমিশন।










