সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের কোষাগারে রাজস্বের ঘাটতি মেটাতে এবার মোক্ষম পদক্ষেপ শুভেন্দুর সরকারের। কোল ইন্ডিয়ার উপর নির্ভরতা কমিয়ে এবার নিজেদের বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত কয়লা খোলা বাজারে বিক্রি (Coal Selling) শুরু করল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড। এমনকি প্রথম পর্যায়ে কেন্দ্রীয় রাষ্ট্র সংস্থা এনটিপিসি লিমিটেডকেই এই কয়লা সরবরাহ করা হবে বলে নবান্ন সূত্রে খবর।
এনটিপিসি-কে কয়লা সরবরাহ করবে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন নিগম
একটা সময় বিশেষ করে তৃণমূলের আমলে কয়লার জন্য কোল ইন্ডিয়ার উপরেই ভরসা করে থাকতে হত সরকারকে। এমনকি কয়লার ঘাটতির কারণে ব্যাহত হত উৎপাদন। তবে এবার কয়লা সরবরাহে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। বর্তমানে ডাব্লিউবিপিসিডিএল-র রাজ্যে মোট ৫টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে বলেই খবর। আগে ফুয়েল সাপ্লাই এগ্রিমেন্টের মাধ্যমে কোল ইন্ডিয়া লিমিটেড থেকে কয়লা কিনত সরকার, যার ফলে আনুমানিক ৮৫ শতাংশ নির্ভর করতে হত এই সংস্থার উপরই। তবে ২০১৯-২০ সালে বিদ্যুৎ নিগম নিজস্ব ক্যাপটিভ কয়লা ব্লক বণ্টন করে, আর সেখান থেকেই শুরু হয় কয়লা উত্তোলনের কাজ।
রিপোর্ট বলছে, ওই অর্থবছরে মোট ১২.৫৭ মিলিয়ন টন কয়লা নেওয়া হলেও ক্যাপটিভ খনি থেকে পাওয়া গিয়েছিল মাত্র ১.৯২ মিলিয়ন টন। তবে বছর গড়ানোর সঙ্গে সঙ্গে খনির উৎপাদন দ্রুত বাড়তে থাকে এবং ২০২৪-২৫ অর্থবছরে আসে বিরাট সাফল্য। কোল ইন্ডিয়া থেকে কয়লা কেনার চাহিদা সম্পূর্ণ শূন্যে নেমে আসে এই বছর। এমনকি চাহিদার ১০০ শতাংশ কয়লা নিজস্ব উৎপাদনের মাধ্যমেই সংগ্রহ করতে শুরু করে ডাব্লিউবিপিসিডিএল। বর্তমান সময়ে রাজ্যের দৈনিক ৬০ হাজার টন কয়লা প্রয়োজন পড়ে। কিন্তু দৈনিক উৎপাদন সেই প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ফসল বীমা নিয়ে বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী
সেই কারণেই এবার রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চাহিদার অতিরিক্ত কয়লা বাজারজাত করা হবে এবং সেখান থেকেই রাজ্যের কোষাগারে রাজস্বের পরিমাণ বাড়ানো হবে। আপাতত এনটিপিসি-কে দিয়েই শুরু হচ্ছে এই উদ্বৃত্ত কয়লা বিক্রি। তবে এই পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেই জানাচ্ছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়নের এক শীর্ষ আধিকারিক।










