সাতসকালে কলকাতায় ফের ED অভিযান, ঘিরে ফেলা হল প্রভাবশালী ব্যবসায়ীদের বাড়ি

Published:

ED Raids

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের সাতসকালে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED (ED Raids)। জানা গিয়েছে, খিদিরপুর ও শর্ট স্ট্রিট সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় উচ্চবিত্ত এবং প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। তবে ঠিক কোন মামলার সূত্রে এই ED (Enforcement Directorate) অভিযান সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযানে হাজির হয়েছেন কেন্দ্রীয় জওয়ানরা, ব্যবসায়ীদের বাড়ি সহ সমস্ত এলাকা ঘিরে রাখা হয়েছে। আর তাই নিয়ে চরম টানাপোড়েন দেখা গেল রাজ্য রাজনীতিতে।

সাতসকালে ED অভিযান

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শুক্রবার, ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের CRPF ক্যাম্প থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির একাধিক বিশেষ টিম ছড়িয়ে পড়ে কলকাতার একাধিক জায়গায়। সকাল সকাল শুরু হয় স্পেশাল ড্রাইভ, খিদিরপুর ও শর্ট স্ট্রিট সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় ব্যবসায়ীদের ঘরবাড়িতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এমনকি বিভিন্ন আর্থিক লেনদেনের কাগজপত্র ও ডিজিটাল নথি তল্লাশি করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু ঠিক কোন দুর্নীতির অভিযোগে এই অভিযান, এখনও তদন্তকারীদের তরফে কিছু জানানো হয়নি।

সরকারিভাবে কিছু জানায়নি ED

যে সব এলাকায় ব্যবসায়ীদের ঘর বাড়ি তল্লাশি চালানো হচ্ছে, সেই সকল বাড়ির আশেপাশে কড়া পাহারায় রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা। আর তাই নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে তীব্র আগ্রহ। ভিড় জমিয়েছেন অনেকে। এদিকে কোন কোন ব্যবসায়ীর বাড়ীকে নিশানা করা হয়েছে, সেই বিষয়েও ইডির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আপাতত আধিকারিকেরা নথি খতিয়ে দেখার কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমনকি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও টাকার হদিস পাওয়া যায়নি।

আরও পড়ুন: শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল ২০২৬, কোন কোন প্রোডাক্টে মিলবে বিশেষ ডিল ও ডিসকাউন্ট?

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্গাপুরের অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। সূত্রের খবর, ক্রিপ্টোতে বিনিয়োগ করিয়ে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে এই দিলীপ ও তাঁর পুত্র দিগন্ত মল্লিকের বিরুদ্ধে। অন্যদিকে, হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। অভিযোগ উঠে এসেছিল যে, একাধিক চিটফান্ড কোম্পানির সঙ্গে নাকি যুক্ত ছিলেন এই সৌরভ। এমনকি তিনি শেয়ার মার্কেটের ব্যবসাও করেন বলে জানা গিয়েছে।