প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা অনুযায়ী শুরু হল কাজ, এবার সরকারিভাবে স্পষ্ট জানানো হল যে অন্নপূর্ণা (Annapurna Yojana) ও বিধবা ভাতা (Widow Pension), এই দুটি প্রকল্পের সুবিধা আর একসঙ্গে পেতে পারবেন না উপভোক্তারা। কেবলমাত্র যেকোনো একটি যোজনার অর্থ সাহায্যই পাবেন তারা। আর এই বিষয়ে তাই জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশিকা পাঠাল রাজ্যের নারী ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ দফতর।
প্রকল্প বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি
সম্প্রতি রাজ্যের নারী ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ দফতর থেকে কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের এক জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। বলা হয়েছে, যেসব বিধবা ভাতার প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন, তাঁরা কোন ভাতাটি চালু রাখতে চান এবং কোনটি ছেড়ে দিতে চান, তা তাঁদের লিখিতভাবে জানাতে হবে। এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উপভোক্তাকে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেছে নিতে হবে যেকোনো একটি সুবিধা
নির্দেশিকায় এও বলা হয়েছে, যে সমস্ত উপভোক্তা বিধবা ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার অর্থ সাহায্য পান, তাঁদের তালিকা ‘সমর্থ’ পোর্টালে রয়েছে। সেই তালিকা থেকে উপভোক্তাদের কাছ থেকে তাঁদের পছন্দের অপশন সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ অন্নপূর্ণা এবং বিধবা ভাতা এই দুই প্রকল্পের সুবিধা একসঙ্গে নেওয়া যাবে না। তার পরিবর্তে সংশ্লিষ্ট উপভোক্তাকে দুটির মধ্যে যেকোনো একটি প্রকল্প বেছে নিতে হবে। ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে বাংলা ভাষায় একটি নির্দিষ্ট আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। তাতে উপভোক্তারা যে কোনও একটি বেছে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন: বয়স ৬ কিন্তু দেখতে লাগে ৮০! চামড়া ঝুলে যাওয়ার এক বিরল রোগে আক্রান্ত বালিকা
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই নির্দেশিকায় শুধুমাত্র ব্যতিক্রম থাকবেন বিশেষ ভাবে সক্ষম মহিলা উপভোক্তারা। তাঁরা দু’টি প্রকল্পেরই সুবিধা পাবেন। কিন্তু বাকি উপভোক্তাদের অন্নপূর্ণা বা বিধবা ভাতার মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে। কিছুদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে বার্ধক্য ও বিধবা ভাতার অঙ্ক এখন থেকে ১৫০০ টাকা করা হলো। তাই, ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যাঁরা বিধবা ভাতা নিচ্ছেন, তাঁরা সেটা সারেন্ডার করে অন্নপূর্ণা ভাতার জন্য আবেদন করতে পারেন। আর এবার এই সিদ্ধান্তই সরকারিভাবে ঘোষণা করা হল।










