তৃতীয় ওয়ানডের আগে ফের ধাক্কা খেলো নিউজিল্যান্ড, বাদ দুই দাপুটে ক্রিকেটার

Published:

New Zealand ODI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুই ম্যাচ জিতে আপাতত ওয়ানডে সিরিজে এগিয়ে রয়েছে ভারত (Team India)। আগামীকাল অর্থাৎ সোমবার, তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আর তার আগেই ফের বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড (New Zealand)। ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন দুই কিউই তারকা লকি ফার্গুসন এবং ব্লেয়ার টিকনার। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বাদ পড়ার ঘটনায় বেশ খানিকটা ধাক্কা খেল নিউজিল্যান্ড ব্রিগেড। যা খবর তাতে ফার্গুসন শেষ দুই ওয়ানডে (চতুর্থ এবং পঞ্চম) থেকে বাদ পড়লেও টিকনার চোটের কারণে আগামী সাতদিন মাঠের বাইরেই থাকবেন।

বিপাকে পড়ল নিউজিল্যান্ড!

কাফ ইনজুরির কারণে আপাতত ভারতের বিপক্ষে খেলতে পারছেন না লকি। অন্যদিকে ওয়েলিংটনে ওয়ানডে ম্যাচ চলাকালীন হেলমেটে আঘাত পাওয়ার কারণে সাত দিন মাঠের বাইরেই কাটাতে হবে টিকনারকে। তৃতীয় ম্যাচের আগে এই খেলোয়াড়ের বদলি হিসেবে ডাকা হয়েছে নিউজিল্যান্ডের বোলিং অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ককে। অন্যদিকে শোনা যাচ্ছে, চতুর্থ ওয়ানডেতে ফিরতে পারেন ম্যাট হেনরি।

নিউজিল্যান্ড ক্রিকেট সোমবার নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন কাফ মাসলে চোট পাওয়ার কারণে ফার্গুসন এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে ভারতের বিরুদ্ধে আপাতত খেলতে পারছেন না তিনি। এদিকে মূলত তৃতীয় ওয়ানডের পর হেনরি ও কাইল জেমিসনের ওয়েলিংটনে টেস্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও তাঁরা চতুর্থ ওয়ানডের জন্য দলে থেকে যাবেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এও জানিয়েছে, ভারতের বিরুদ্ধে শেষ দুটি ওয়ানডের জন্য আরও দুজন ক্রিকেটারকে দলে যুক্ত করা হবে।

আরও পড়ুন: ৫০-র কম পড়ুয়ার উচ্চ প্রাথমিক স্কুলকে হাইস্কুলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব

শোনা যাচ্ছে, তৃতীয় ওয়ানডের একদিন পর অর্থাৎ বুধবার আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন নিউজিল্যান্ডের পাঁচ ক্রিকেটার টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস এবং নাথান স্মিথ। সব মিলিয়ে বলাই যায়, প্লেয়ারদের চোট ও সামনে টেস্ট সিরিজ থাকার কারণে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্লেয়ার গুছিয়ে উঠতে একপ্রকার নাজেহাল অবস্থা নিউজিল্যান্ডের।

google button