🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

সরকারি চিঠিপত্র থেকে সরছে বিশ্ব বাংলার ‘ব’! ফিরে যাবে মমতার কাছে

Published:

Biswa Bangla Logo

সৌভিক মুখার্জী, কলকাতা: ঘটেছে রাজ্যের রাজনৈতিক পালাবদল। দীর্ঘ ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। তবে সরকার গঠনের আগেই সরাসরি প্রশাসনিক কর্মকান্ডে পালাবদলের ইঙ্গিত। দেড় দশকের রীতি ঝেড়ে ফেলে এবার নতুন ধাঁচে প্রশাসন সাজানোর প্রক্রিয়া শুরু করছে বিজেপি। সরকারি চিঠিপত্র থেকে উধাও হয়ে যাচ্ছে পরিচিত ‘ব’ অর্থাৎ বিশ্ব বাংলার লোগো (Biswa Bangla Logo)। ঠিক তেমনই কেন্দ্রীয় প্রকল্পের নাম নিয়ে রাজ্যের দীর্ঘদিনের অনড় অবস্থানে বদল আসার ইঙ্গিত স্পষ্ট।

সরকারি চিঠিতে লোগো বিতর্ক

ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেস সমস্ত সরকারি চিঠিপত্র এবং ফাইলে বিশ্ববাংলা ব্র্যান্ডের একটি বৃত্তাকার লোগো ব্যবহার করত, এবং তা বাধ্যতামূলক ছিল। তবে তার উপরে অশোক স্তম্ভ থাকলেও লোগোর প্রাধান্য ছিল বেশি। কারণ, অশোক স্তম্ভটি ছিল তুলনামূলকভাবে অনেকটাই ছোট। কিন্তু সাম্প্রতিককালে সমস্ত দফতরের সচিব, জেলাশাসক বা পুলিশকর্তাদের উদ্দেশ্যে মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালা যে বার্তা পাঠাচ্ছেন সেখানে সেই লোগো দেখা যাচ্ছে না। এমনকি পরিবর্তে তাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্য সচিব দফতরের নাম ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি প্রশাসনিক রদবদলের সংকেত।

এদিকে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলির নাম নিজের মতো বদলে নেওয়া নিয়ে অতীতে কেন্দ্র আর রাজ্যের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরেই চলেছে। আর এবার সেই জট কাটার পথে। বেশ কিছু সূত্রের খবর, আবাস যোজনার মতো যে সমস্ত প্রকল্পগুলি রাজ্য নিজস্ব নামে চালাত, সেগুলিতে এবার কেন্দ্র সরকারের নাম ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন দফতরের অভ্যন্তরীণ যোগাযোগ আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেও ইতিমধ্যে রাজ্যের দেওয়া নামের বদলে কেন্দ্রের নাম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিজেপির আওতায় দিল্লির সঙ্গে সমন্বয় বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অন্দরমহল সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার কোনও তথ্য জানতে চাইলে তা দেরি করা চলবে না। এমনকি প্রতিটি প্রকল্পের বর্তমান পরিস্থিতি আর খরচের হিসাব নিখুঁতভাবে তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রশাসনিক কাজে পেশাদারিত্ব ফিরিয়ে আনার জন্য প্রতিটি দফতরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ডে আর কতদিন মিলবে সুবিধা? কবে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত? জানুন

উল্লেখ্য, বাম জমানার পর তৃণমূল আমলে যখন বিশ্ব বাংলা লোগো চালু হয়েছিল, তখন তার মালিকানা এবং হস্তক্ষেপ নিয়ে জলঘোলা কম হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, সরকার ব্যবহার না করলে লোগোটি তার কাছেই ফিরে যাবে। আর বর্তমানে সেই লোগো সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রশাসনিক পরিচয়কে দলীয় বা ব্যক্তিগত ব্র্যান্ডিং থেকে মুক্ত করতে চাইছে বিজেপি।