বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুন

Published:

সহেলি মিত্র, কলকাতা: ভয়ানক ঘটনার সাক্ষী থাকল বোলপুর (Bolpur Shoot Out)। শ্যুটআউটের ঘটনায় কেঁপে উঠল বীরভূমের এই অঞ্চল। দাবি করা হচ্ছে, আজ অবধি এ রকম ঘটনা বোলপুরে ঘটেনি। শ্যুটআউটের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বিজেপি নেতার।

বোলপুরে খুন বিজেপি নেতা!

জানা গিয়েছে, বোলপুরে খুন হয়েছেন বিজেপি নেতা চন্দন ভল্লা। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রবিবার ভরসন্ধ্যায় বোলপুরের মতো জায়গায় ঘটনাটি ঘটে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠেছে। বোলপুরের মিলপট্টি এলাকায় পথ আটকে গুলি চালানোর অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের।

গুরুতর অভিযোগ পরিবারের

সূত্রের খবর, ঘটনার সময়ে অ্যাপাচে বাইকে মুখ ঢাকা দুই যুবক পালিয়ে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরেই একদম পরিকল্পনা করে চন্দনকে খুন করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতালে পুলিশ হাজির হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

মৃতের ছেলে শুভ্রকান্তি ভল্লার দাবি, তাঁর বাবার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। রাজনৈতিক কারণেই এই খুন বলে অভিযোগ পরিবারের। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। উল্লেখ্য, মৃত চন্দন ভল্লা বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন। তাঁর এহেন মৃত্যুতে একদিকে যেমন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, তেমনই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।

google button