রাতের অন্ধকারে দেওয়াল বেয়ে বর্ধমানের স্ট্রং রুমে ঢোকার চেষ্টা? ভিডিও পোস্ট বিজেপির

Published:

West Bengal Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মিটেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আগামী ৪ মে, সোমবার প্রকাশিত হতে চলেছে ফলাফল। কিন্তু ভোট গণনার আগেই স্ট্রংরুমগুলি ঘিরে ফের উত্তেজনা ছড়াল বেশ কয়েকটি কেন্দ্রে। যার মধ্যে অন্যতম হল বর্ধমানের (Bardhaman) স্ট্রং রুম। অভিযোগ, রাতের অন্ধকারে গণনা কেন্দ্রের দেওয়াল বেয়ে এক ব্যক্তিকে ছাদে উঠতে দেখা গিয়েছে। কিন্তু কে সেই ব্যক্তি তাঁর কোনো হদিশ মিলছে না। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল বিজেপি (BJP)।

স্ট্রং রুমকে ঘিরে চরম বিতর্ক

রিপোর্ট মোতাবেক, বর্ধমান উত্তর মহকুমার মোট পাঁচটি বিধানসভার EVM বর্তমানে UIT ক্যাম্পাসের স্ট্রং রুমে রাখা রয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ত্রিস্তরীয় নিরাপত্তার মাধ্যমে আগলে রাখা রয়েছে। অন্যদিকে ক্যাম্পাসের প্রবেশদ্বার ও নির্দিষ্ট অংশের দায়িত্বে রয়েছে সশস্ত্র রাজ্য পুলিশ। কিন্তু এত কিছুর মধ্যেও স্ট্রং রুমের বাইরে ঘটল এক ভয়ংকর ঘটনা। রাতের অন্ধকারে গণনা কেন্দ্রের দেওয়াল বেয়ে এক ব্যক্তিকে ছাদে উঠতে দেখা গিয়েছে বলে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ইতিমধ্যেই সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী বলছেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি লোক বর্ধমানের UIT ক্যাম্পাসের স্ট্রংরুমের বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে দড়ির মাধ্যমে ছাদে উঠছে। ওদিকে ছাদের উপর আগে থেকেই আরও এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ভিডিওকে ঘিরে বিজেপির অভিযোগ, গভীর রাতে অচেনা ব্যক্তিরা কীভাবে স্ট্রং রুম সংলগ্ন এলাকায় প্রবেশ করছেন, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের অভিযোগ, ওই বাড়ির ভিতর থেকে ভাঙচুরের মতো আওয়াজ শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, কিছু সময়ের জন্য CCTV বন্ধ হয়ে গিয়েছিল। সব মিলিয়ে স্ট্রং রুমের নিরাপত্তায় গাফিলতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিজেপির তরফে।

আরও পড়ুন: বাংলায় সন্দেহজনক ১৭ লক্ষেরও বেশি রেশন কার্ড, তদন্ত করে বাতিলের নির্দেশ

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল

স্ট্রং রুমে অচেনা লোক নিয়ে বিতর্ক উঠতেই কমিশনের তরফে জানানো হয়েছে, গণনা কেন্দ্রের বিভিন্ন ঘরে এসি বসানোর কাজ চলছে। পাশাপাশি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজও করা হচ্ছে। অন্যদিকে বর্ধমানের স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূলও। তাঁদের দাবি, সিসিটিভি ক্যামেরার সময়ে নানা হেরফের দেখা যাচ্ছে। জেলা TMCP সভাপতি স্বরাজ ঘোষ অভিযোগ করেছেন, কিছু সিসিটিভি ক্যামেরার ডিসপ্লেতে বর্তমান সময়ের সঙ্গে ১ থেকে ২ মিনিটের পার্থক্য দেখা যাচ্ছে। বারবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হচ্ছে না। এমতাবস্থায় রাজনৈতিক উত্তেজনা চরম আকার নিয়েছে ।