“মানুষকে শান্তিতে থাকতে দিন..” শুভেন্দু অধিকারীর মামলা খারিজ করল হাইকোর্ট

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। যদিও একটি পুরনো মামলায় আজ এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। আসলে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় তিনি একটি মামলায় কলকাতা হাইকোর্টের অবমাননার অভিযোগ আনেন। আর রাজ্যের পালাবদলের পর সেই মামলায় আজ খারিজ করে দিলেন বিচারপতি।

হাইকোর্টে খারিজ শুভেন্দু অধিকারীর মামলা

আসলে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিজেপির বিধায়কদের সঙ্গে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকত। কিন্তু নিয়ম অনুযায়ী, বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিষেধ। অন্যদিকে আবার রাজ্যের তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়েই বিধানসভায় প্রবেশ করত। সেই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অন্দরে অস্ত্র ব্যবহারের নীতি লঙ্ঘন হচ্ছে, এই অভিযোগ তুলেই তৎকালীন স্পিকার বিমান ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন, যা চলছিল এতদিন ধরে। তবে সোমবার সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিন শুনানির সময় বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, যেহেতু রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে, তাই এই মামলা নিয়ে তিনি আর বেশি দূর এগোতে চান না। এমনকি শুভেন্দু অধিকারীর করা আদালত অবমাননার ওই আবেদন খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “দয়া করে মানুষকে শান্তিতে থাকতে দিন।”

আরও পড়ুন: আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, সরাসরি বিজেপিতে যোগদান NCPI সাংসদদের?

সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, নিরাপত্তা রক্ষীদের প্রবেশের ক্ষেত্রে তৎকালীন বিধানসভার সচিব বিমান ব্যানার্জি একই রকম নিয়ম চালু করলেও বিজেপি বিধায়কদের ক্ষেত্রে সেই নিয়মকে মান্যতা দেওয়া হয়নি। এমনকি রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই মামলায় বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। সেই কারণেই বিচারপতি এদিন আদালত অবমাননার এই মামলা খারিজ করে স্পষ্ট জানিয়েছেন, এ নিয়ে বেশি দূর আর এগোতে চান না তিনি।