বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার যে অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল তা লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তিই নয় বলেই কলকাতা হাইকোর্টকে জানিয়ে দিল রাজ্য সরকার। তবে এদিন ওই মামলায় পূর্ণাঙ্গ শুনানি হয়নি। বরং আগামী 6 আগস্ট পর্যন্ত স্থিতবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। শোনা যাচ্ছে, ওই দিনই কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় সংক্রান্ত মামলার শুনানি হবে। ফলে ততদিন পর্যন্ত ওই অফিস ভাঙতে পারবে না প্রশাসন।
অভিষেকের কার্যালয়ে ভাঙা নিয়ে যা জানাল কলকাতা হাইকোর্ট
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় আইন এবং নথি ছাড়াই তৈরি করা হয়েছে। এমন অভিযোগ তুলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার নোটিস দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি। জানা গিয়েছে, অভিষেকের ওই কার্যালয় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নামে কেনা হলেও সেখানে নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের।
প্রশাসনের তরফে দাবি, পরপর দুবার নোটিসের উত্তর না দেওয়ায় শেষ পর্যন্ত অভিষেকের কার্যালয়ে চলে বুলডোজার। ভেঙে ফেলা হয় একাংশ। আর তারপরেই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল লিপ্স অ্যান্ড বাউন্স। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা উঠলে রাজ্যের তরফের আইনজীবী খুব পরিষ্কারভাবে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের যে অংশ ভাঙা হয়েছে সেটা লিপ্স অ্যান্ড বাউন্স এর সম্পত্তি নয়। সংস্থাটির অংশ 509 ও 512 দাগে।
অবশ্যই পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের দাপট, সোনা-রুপো মিলিয়ে এখনও পর্যন্ত ঘরে এল ১০টি পদক
এরপরই সংস্থাটির তরফের আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, সংস্থার ভুল কী ছিল, কোন নথির ভিত্তিতে কার্যালয়ের ওই অংশ ভাঙা হবে আগে থেকে সেই সংক্রান্ত কোনও তথ্য জানানো হয়নি। সব পক্ষের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, আগামী 6 আগস্ট এই মামলার শুনানি হবে। তার আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কার্যালয় ভাঙা যাবে না।










