আনিষা চৌধুরী, কলকাতা: ক্যামাক স্ট্রিটে TMC দফতরে হওয়া গোলমালের তদন্তে নতুন পদক্ষেপ নিলেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে থানায়। শনিবার তাঁর বাড়িতে পৌঁছে পুলিশের তরফ থেকে সমনের কপি দেওয়া হয়। এখানে আগামী ৭ সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২টার মধ্যে থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে একবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে। ফের ডেকে পাঠানোয় সুমিত রায়ের কপালে এবার চিন্তার ভাঁজ।
আগের দফায় কী হয়েছিল?
এর আগে বুধবার পুলিশের ডাকে শেক্সপিয়র সরণি থানায় গিয়েছিলেন সুমিত। দুপুরের দিকে থানায় পৌঁছনোর পর দীর্ঘ সময় ধরে তাঁর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরোন। কিন্তু সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও প্রশ্নের জবাব দিতে চাননি তিনি। এবার ফের নোটিস পাঠিয়ে তাঁকে হাজির হতে বলেছে পুলিশ। ফলে আগের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কিছু বিষয় তাঁর কাছে জানতে চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিলবোর্ড ঘিরেই উত্তেজনার সূত্রপাত
ঘটনার সূত্রপাত ২৭ অগস্ট। সেদিন ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে একটি বিলবোর্ড সরাতে গিয়েছিলেন কলকাতা পুরসভার কর্মী। পুরসভার বক্তব্য, তৃণমূলের নাম থাকা ওই বিলবোর্ডটি ওখানে লাগানোর অনুমতি ছিল না। পাশাপাশি সেটি এমনভাবে ঝুলছিল, যা পথচারীদের জন্য বিপজ্জনক হতে পারে বলেও দাবি করা হয়। সেটি সরানোর সময় পুলিশের উপস্থিতিতে দফতরের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পুরকর্মী এবং পুলিশকর্মীদের কাজে বাধা ও তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: চাইলেই আর সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না CBI, অনুমতি লাগবে রাজ্যের
এই ঘটনাকে ঘিরে শেক্সপিয়র সরণি থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। সরকারি কাজে বাধা, মারধরের পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও মামলায় রয়েছে। এফআইআরগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সুমিত রায় এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এই মামলাগুলির তদন্তেই সুমিতকে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ।









