অন্নপূর্ণার টাকায় প্রথমবার উমার আরাধনা, অভিনব উদ্যোগ পাণ্ডুয়ার গ্রামের মহিলাদের

Published:

Annapurna Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দিয়ে প্রথমবার মা উমার (Durga Puja 2026) আরাধনা করতে চলেছেন গ্রামের মহিলারা। জানা গিয়েছে, হুগলির (Hooghly) অন্তর্গত পাণ্ডুয়া ব্লকের মহিলারা সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা থেকে নিজেদের অংশ তুলে নিয়ে দুর্গোৎসবের আয়োজন করে নজির গড়তে চলেছেন। ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে খুঁটিপূজো। শেষ মুহূর্তে চলছে কাঠ আর বাঁশের কাঠামোয় গড়া পুজোর মণ্ডপ। জানা গিয়েছে, মণ্ডপ তৈরির কাজ থেকে প্রতিমা আনা, পুজোর আয়োজন, অতিথি আপ্যায়ন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি ক্ষেত্রেই দায়িত্ব সামলাবেন গ্রামের মহিলারাই।

প্রথমবার দুর্গাপুজোর আয়োজন মহিলাদের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, হুগলির অন্তর্গত পাণ্ডুয়া ব্লকের একাধিক পাড়ায় দুর্গাপুজো হলেও গোয়ারা গ্রামে এতদিন দুর্গাপুজো হত না। আর তাতেই আপসোস থাকত ওই গ্রামের বাসিন্দাদের। কিন্তু এবার সেই পরিস্থিতি আলাদা, বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার পাওয়া অর্থ দিয়ে গ্রামের মহিলারা প্রথমবার নিজেদের উদ্যোগে মা দুর্গার আরাধনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ইতিমধ্যেই প্রতিমা অর্ডার দেওয়ার পাশাপাশি পুরোহিতকেও বায়না দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মহিলাদের মধ্যে দেখা গিয়েছে আনন্দের উচ্ছ্বাস

জানা গিয়েছে দুর্গা পূজা উপলক্ষে গোয়ারা গ্রামে যে পুজো কমিটি তৈরি হয়েছে তার নাম রাখা হয়েছে গোয়ারা মাতৃ শক্তি পুজো কমিটি। প্রায় ৬০ জন মহিলা তাঁদের সঞ্চিত অর্থ দিয়ে এই পুজোর আয়োজন করেছে। যে টাকা দিয়ে এতদিন সংসারের হাঁড়িতে অন্ন ওঠে, সেই টাকাতেই উমার আরাধনা করা নিয়ে সকলের মনে এক আনন্দের উচ্ছ্বাস দেখা গিয়েছে। পাশে এসে দাঁড়িয়েছেন অনেক পুরুষরাও। এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার কুমার মজুমদার। তিনি মহিলাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ৩ দিন ধরে বাতিল একাধিক লোকাল, বাড়ি থেকে বেরোনোর আগে দেখুন তালিকা

পুজো কমিটির মহিলা উদ্যোক্তাদের কথায়, অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের কাছে শুধু আর্থিক সহায়তা নয়, বরং সমাজে স্বনির্ভরশীল হওয়ার এবং একসঙ্গে কিছু করার সাহসও জুগিয়েছে। সেই কারণেই নিজেদের প্রাপ্ত অর্থের একটি অংশ একত্র করে মায়ের আরাধনায় শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

google button