প্রীতি পোদ্দার, কলকাতা: ঝগড়া থামাতে গিয়ে বিপত্তি, অষ্টম শ্রেণির এক ছাত্রকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরে (Durgapur)। স্কুল চত্বরে এমন ধরনের ঘটনা (Durgapur Student Assault) ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াল অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। জানা গিয়েছে গুরুতর আহত অবস্থায় ওই পড়ুয়াকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। ঘটনার তদন্তে নামে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বুধবার, দুর্গাপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ফেলে মারধরের অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, স্কুলে পাঠরত অষ্টম শ্রেণির দুই ছাত্রের মধ্যে তুমুল মারামারি শুরু হয়েছিল। আর সেটি থামাতে গিয়ে আহত হয় ওই স্কুলেরই অষ্টম শ্রেণির আরেক ছাত্র দ্বীপায়ন সাহা। এখানেই শেষ নয়, পরের দিন দ্বীপায়ন স্কুলে গেলে ফের তার উপর চড়াও হয় মোহিত যাদব নামের এক অষ্টম শ্রেণির ছাত্র। এমনকি আরও এক অপরিচিত ব্যক্তিও ওই ছাত্রকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠে এসেছে।
পুলিশের কাছে অভিযোগ করলেন ছাত্রের মা
আহত ছাত্র দ্বীপায়ন জানিয়েছে যে, মোহিত মারধর করার সময় ঠেলাঠেলিতে স্কুটির উপর পড়ে যায় সে। এবং যার স্কুটি ছিল সেই অপরিচিত ব্যক্তিও তাঁকে বেধড়ক মারধর করে। এমনকি গলা টিপে ধরে কানের গোড়ায় থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত ছাত্রকে তড়িঘড়ি চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাপক শোরগোল শুরু হয়েছে স্কুল চত্বরে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন দ্বীপায়নের মা। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের কাছে ঘটনার সঙ্গে জড়িতদের সমস্ত তথ্য দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সংকোশ নদীতে ভেসে আসছে সারি সারি মরা মাছ, বিশেষ সতর্কবার্তা বনমন্ত্রীর
দ্বীপায়নের মা দীপা সাহা স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ জানিয়েছেন, কেন এখনও ওই অপরিচিত ব্যক্তিকে চিহ্নিত করা হল না। সঠিক বিচার না হলে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল কুমার সিং জানান, “স্কুলের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেদিকেও বাড়তি নজরদারি রাখার ব্যবস্থা করা হয়েছে। ” পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তদন্ত খতিয়ে দেখার জন্য পুলিশকে পরামর্শ দিয়েছেন।










