বিক্রম ব্যানার্জী, কলকাতা: হেলতে দুলতে 12 টায় অফিসে ঢোকার দিন শেষ হচ্ছে (Government Of West Bengal)। কাজের ক্ষেত্রে কর্মীদের সুখের দিন কাড়বে সরকার। বঙ্গে নবগঠিত ভারতীয় জনতা পার্টির সরকার মঙ্গলবার রাজ্যের বিচার বিভাগের কর্মীদের অফিসে আসা এবং বেরোনোর সময় বেঁধে দিয়েছে। জানা যাচ্ছে, আগে থেকেই এই বিশেষ নিয়ম চালু থাকলেও তৃণমূল সরকারের আমলে এতদিন খুব একটা কড়াকড়ি ছিল না। তবে বাংলায় পালা বাদলের পর এবার থেকে সরকারের বেঁধে দেওয়ার সময়েই অফিসে আসা যাওয়া করতে হবে কর্মীদের।
বিচার বিভাগের কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা সরকারের
রাইটার্স বিল্ডিং এ থাকা বিচার বিভাগের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে জারি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের তরফে জারি করা সেই নির্দেশিকায় একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, “বিচার বিভাগের প্রত্যেক কর্মীকে সকাল 10টা 15 এর মধ্যে অফিসে ঢুকতে হবে এবং বিকেল 5টা 15 এর আগে অফিস থেকে বেরিয়ে যাওয়া চলবে না।” সূত্রের খবর, রাইটার্স বিল্ডিং এ কর্মরত বিচার বিভাগের প্রত্যেক কর্মীকে সরকারের এই নিয়ম মেনে চলতে হবে।
বলা বাহুল্য, রাইটার্সের বিচার বিভাগের কর্মীদের অফিসে আসা এবং যাওয়া নিয়ে কড়াকড়ি আগে থেকেই ছিল। তবে খাতায় কলমের তা থাকলেও বাস্তবে বেশিরভাগ কর্মীই তা মেনে চলতেন না বলেই অভিযোগ। অনেকেরই দাবি, কর্মীরা যখন খুশি অফিসে আসতেন এবং নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যেতেন! মূলত এই অব্যবস্থা দূর করতেই কঠোর হচ্ছে সরকার। তবে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে অফিসে ঢুকলে কোন পদক্ষেপ নেওয়া হবে বা কী শাস্তি দেওয়া হবে তা জানা যায়নি।
অবশ্যই পড়ুন: বাড়ির সৌন্দর্য বাড়াতে গিয়ে ডেকে আনছেন বিষধর সাপ, ভুলেও লাগাবেন না এই সকল গাছ
প্রসঙ্গত, একটি সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, এতদিন বিচার বিভাগের কর্মীদের অসময়ে অফিসে যাতায়াত একদিক থেকে সরকারি ব্যবস্থার বদনাম করছিল। মূলত সে কারণেই গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং এই অনিয়ম রুখতেই কঠোর হচ্ছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে বিচারবিভাগের কর্মীদের দিয়ে শুরু হলেও পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য বিভাগগুলিতেও কড়াকড়ি হতে পারে।










