প্রীতি পোদ্দার, কলকাতা: আতঙ্ক ছড়িয়েছে আসানসোলে (Asansol), সেখানকার জামুড়িয়ায় অবস্থিত ECL-এর নিউ কেন্দা OCP-র খনি থেকে ধোঁয়া (Jamuria coal mine smoke) বেরোনোর ঘটনায় রীতিমতো ভয় ছড়াল স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে সেই খনি থেকে গলগল করে বেরিয়ে আসছিল ধোঁয়া। ধোঁয়ায় পরিমাণ এতটাই বেশি ছিল যে গোটা এলাকা ঢেকে গিয়েছিল মুহূর্তে, আর তার সঙ্গে বেরিয়ে আসছিল বিষাক্ত গ্যাস।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আসানসোলের জামুড়িয়ায় খোলামুখ খনি থেকে আজ, শনিবার সকাল থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো ও সাদা ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে সেই ধোঁয়া। আশঙ্কা করা হচ্ছে ভারী বৃষ্টির পর Eastern Coalfields Limited-এর এই খোলামুখ খনির বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো ও সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। তবে শুধু ধোঁয়া নয়, বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় জ্বালা করছে। আপাতত খনি এলাকায় কাজ করা কর্মী এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁদের অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে।
ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা
স্থানীয়দের অভিযোগ, এই ধোঁয়া আজ থেকে নয় বরং বহুদিন ধরেই নাকি বেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারে প্রশাসককে বারংবার জানানো হলেও নাকি কোনো পদক্ষেপ করা হয়নি। ইতিমধ্যেই স্থানীয়রা নিজেদের প্রাণ রক্ষা করতে চোখে মুখে কাপড় বেঁধে দৈনন্দিন কাজ করে চলেছে। তাঁদের অভিযোগ, “ওই খনি এলাকায় এলাকায় কয়লা উত্তোলনের পর সঠিকভাবে বালি ভরাট করা হয়নি। এর আগেও একাধিকবার এই এলাকা থেকে গ্যাস ও ধোঁয়া নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। তাই আমরা সরকারের কাছে অবিলম্বে পুনর্বাসন এবং এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।”
আরও পড়ুন: বিজেপির ভোট প্রচারে ইনফ্লুয়েন্সারদের তালিকায় নাম! সায়কের পর এবার মুখ খুললেন RJ প্রিয়াঙ্কা
ধোঁয়া ছড়িয়ে পড়ার এই ঘটনায় খনি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, মাটির নিচের স্তরে আগুন থাকার কারণে এই অবস্থা, তার উপর বৃষ্টির জল পড়তেই এই ধোঁয়া তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাটি ও ডোজার ব্যবহার করে খনির মুখ ও ফাটলগুলো বন্ধ করার কাজকাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে।










