অভিষেকের পর কল্যাণ, মার খেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন সাংসদ

Published:

Kalyan Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিষেকের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। চন্ডীতলা থানায় স্মারকলিপের জমা দিতে গিয়ে রক্তাক্ত হলেন শ্রীরামপুরের সাংসদ। সূত্রের খবর, তৃণমূল এবং বিজেপি কর্মীদের বাগবিতণ্ডায় থানার সামনে চরম উত্তেজনা ছড়িয়েছিল। এমনকি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ‘চোর চোর’ স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মীদের। আর সেখানেই রক্তাক্ত হয়েছেন তৃণমূল সাংসদ। একবারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি, এমনটাই খবর।

অভিযোগের তীর বিজেপির দিকেই

তৃণমূল এই ঘটনার নেপথ্যে বিজেপিকেই কাঠগড়ায় তুলছে। কারণ, সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। আর তারই প্রতিবাদ জানাতে চন্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দলের তরফ থেকে। তার নেতৃত্ব দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর উপর এরকম হামলা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তৃণমূল কর্মী সমর্থকদেরকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা স্লোগান দেন এবং দুই পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। এমতাবস্থায় পুলিশ ও কেন্দ্র বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিন্তু উত্তেজনার মধ্যেই আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় গুরুতর চোট লাগে বলে খবর, এবং মাথা ফেটে যায় বলেও দলীয় সূত্র দাবি করছে। ঘটনাস্থলেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর। তবে এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কত দিনের মধ্যে ফর্ম ফিলাপ করলে জুনে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে? ৩০০০ টাকা পেতে জানুন

না বললেই নয়, গতকাল তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গুরুতর আক্রান্ত হয়েছেন। ভোট পরবর্তী হিংসায় নিহত সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে সেখানেই জনরোষের মুখে পড়েন তিনি। এমনকি তাঁর গায়ে পচা ডিম পর্যন্ত ছুঁড়ে মারা হয়। আর জুতো, ইট, পাথর তো ছোঁড়া হয়েছিলই। একেবারে জামা ছিঁড়ে নাজেহাল অবস্থা করা হয় সাংসদের। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলের আরও এক সাংসদ আক্রান্ত।