শুরু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ, এ বছরই নতুন স্টেশন উদ্বোধন!

Published:

Kolkata Metro Kavi Subhash work update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই মাসের পর মাস আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু হয়েছে। নিয়ম মেনে প্রশাসনিক নির্দেশের পর ট্রাফিক ব্লক করে চলছে কাজ। চিংড়িঘাটা অংশের কাজে হাত লাগানোর পাশাপাশি বঙ্গে নতুন সরকারের আমলে এবার কলকাতা মেট্রোর আরও এক স্টেশনের কাজ শুরু হচ্ছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে ফেলার কাজ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে। এক কথায়, পুরনো ভগ্নপ্রায় স্টেশনটিকে ভেঙে একেবারে নতুন করে তৈরি করা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন।

ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন হবে নতুন কবি সুভাষ মেট্রো স্টেশনের?

বেশিদিনের কথা নয়। গত বছরের 28 জুলাই, কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে হঠাৎ ফাটল দেখা দেয়। যার জেরে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় মেট্রো স্টেশনটিকে। বন্ধ হয়ে যায় ওই স্টেশনের সমস্ত ধরনের পরিষেবা। এর ফলে বর্তমানে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। মাঝে শোনা গিয়েছিল, খুব শীঘ্রই কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ শুরু হবে। যদিও এরপর আর পাত্তা পাওয়া যায়নি!

তবে বঙ্গের নতুন সরকার গড়তেই কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজে মিলল অনুমোদন। মেট্রো রেল সূত্রে যা খবর, আজ অর্থাৎ রবিবারই কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙ্গে ফেলার প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ডিসেম্বর মাসের মধ্যেই মেট্রো স্টেশনটিকে নতুন করে সাজিয়ে উদ্বোধন করা হবে। শুরু হবে যাত্রী পরিষেবাও। আর সেটা হলে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পৌঁছবে যাত্রীবাহী মেট্রো।

অবশ্যই পড়ুন: ৮ বল করেই চোট তারকার, ১৮ কোটি টাকা জলে ঢালল KKR?

রবিবার বন্ধ মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা

মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজের চূড়ান্ত প্রস্তুতি এবং ওই অংশের মেট্রোর কিছু কাজের কারণে আজ অর্থাৎ রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ আছে। সূত্রের খবর, এদিন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের রেক রিভার্সাল বা ট্রেন ঘোরানোর সুবিধা নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলাই বাহুল্য, ব্লু লাইন বা দক্ষিণেশ্বর রুটের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম বা ব্রিজি। এই স্টেশনে এতদিন ক্রস ওভার বা মেট্রো রেক ঘোরানোর ব্যবস্থা ছিল না। মূলত সে কারণেই, চলতি বছরের জানুয়ারিতে রেক রিভার্সালের কাজে কমিশনার অফ রেলওয়ে সেএফটির অনুমোদনের পর এবার ট্রেন ঘোরানোর বিশেষ ব্যবস্থা তৈরি হচ্ছে।