চলতি বছরেই হবে কলকাতায় পুরভোট, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Kolkata Municipal Election

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা পুরসভাও (Kolkata Municipal Corporation) হাতছাড়া হয়েছে তৃণমূলের। বর্তমানে পুরপ্রশাসকের নিয়ন্ত্রণে চলছে পুরসভা। আর আজ পুরসভায় গিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানালেন, চলতি বছরেই পুরভোট (Kolkata Municipal Election) অনুষ্ঠিত হবে, এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতেই তুলে দেওয়া হবে পুরসভার দায়িত্ব। কারণ, ইতিমধ্যে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এমনকি একাধিক কাউন্সিলরও পদত্যাগ করেছেন।

চলতি বছরেই পুরসভার ভোট

নির্বাচনের পর এই প্রথম পুরসভায় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বলেন, “অচল অবস্থা তৈরি হয়েছিল কলকাতা পুরসভায়। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জনপ্রতিনিধি নির্বাচন করা হবে, এবং তাদের হাতেই পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হবে।” উল্লেখ্য এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে একই মঞ্চে দেখা যায় তৃণমূলের প্রাক্তন চেয়ারপারসন মালা রায়কে। তাপস রায়ের পাশেই বসেন তিনি। এমনকি ফিরহাদ হাকিমকেও দেখা যায় একই মঞ্চে।

সবথেকে নজর কাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদি কাজরী ব্যানার্জীর উপস্থিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা ব্যানার্জি, পুজা পাঁজা থেকে শুরু করে তৃণমূলের সব কাউন্সিলররা। শুভেন্দু অধিকারীর আমন্ত্রণেই হাজির হন তাঁরা। তাঁদের বক্তব্য, আগে এরকম কখনও ঘটেনি। বিরোধীদেরকে কেউ আমন্ত্রণ জানায়নি। বিষয়টিকে সদার্থ হিসেবেই দেখছেন কাজরী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: নবান্নের নির্দেশে বাংলার আবাসে টাকা ফেরাতে হচ্ছে এদের, তালিকায় কারা?

এদিকে আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। আর সেই কর্মসূচিতে যোগ দিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতা পুরসভার সদর দফতরে যাবেন বলে খবর। তার আগেই পুরসভার নির্বাচনের কথা ঘোষণা করলেন তিনি। জানা গিয়েছে, চলতি মাসের ১৫ জুন থেকে ২০ জন পর্যন্ত শহর জুড়ে সাফাই অভিযান চলবে। এমনকি শহরের বিভিন্ন আবাসন লাগোয়া এলাকায় পুকুর, খোলা মাঠের ধার থেকে রাস্তার চারপাশের পরিতক্ত্য জমি, যেখানেই জঞ্জাল জমে থাকবে সব পরিষ্কার করা হবে। দিনরাত সাফাই অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।