অনন্যা সরকার, কলকাতা: বাংলার কৃষকদের জন্য তৈরি প্রকল্প ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) ও ‘বাংলা শস্য বিমা’(Bangla Shasya Bima)-এর নাম বদলানোর সিদ্ধান্ত নিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মন্ডল (Dudh kumar Mondal)। গত ৯ মে সরকারের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-এর মন্ত্রীসভা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনার জন্য নানা ঘোষণা করছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। কৃষিজীবীদের সুবিধার্থে বিগত সরকার ‘কৃষক বন্ধু’ ও ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পগুলি চালু করেছিল। এই প্রকল্পগুলিকে এবার ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি যোজনা’ (PM Kisan) ও ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-এ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
বদলে যাচ্ছে কৃষক বন্ধু ও শস্য বীমার নাম
পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে বড়সড় রকমের বদল আনার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মন্ডল জানান, বিগত সরকারের আমলে দুর্নীতির কারণে চাষীরা ফসলের ন্যায্য মূল্য পাননি। তবে এবার থেকে রাজ্য সরকারের গাইডলাইন মেনেই সমস্ত কাজ হবে। তিনি পূর্বতন সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পটি ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি যোজনা’ (PM Kisan)-এ বদলানো হবে বলে জানিয়েছেন। এছাড়া ‘বাংলা শস্য বিমা’ বন্ধ করে সে জায়গায় কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ চালু করা হবে।
তবে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কড়া সমালোচনা করে কৃষিমন্ত্রী জানিয়েছেন যে, এই প্রকল্পের তালিকায় বহু ভুয়ো নাম ঢুকে থাকতে পারে। তাই সঠিকভাবে ঝাড়াই বাছাই করে তবেই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। যারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি যোজনার আওতায় রয়েছেন, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। কিন্তু কৃষক বন্ধুর তালিকায় থাকা উপভোক্তাদের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে বলে জানিয়েছেন দুধকুমার মন্ডল।
আরও পড়ুনঃ বাঁকুড়ার পঞ্চায়েত অফিসেই মদ্যপ অবস্থায় অচৈতন্য প্রধান, ভাইরাল ভিডিও
এছাড়া, সরকারের পালাবদলের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের গ্রাম পঞ্চায়েতে গণ-ইস্তফার দেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন বহু সদস্য, সেই পরিস্থিতি নিয়েও বার্তা দিয়েছেন দুধ কুমার মন্ডল। কৃষিমন্ত্রী বলেন, অনেকেই ভয় পেয়ে ইস্তফা দিচ্ছেন। যদি তারা কোনও অন্যায় বা দুর্নীতি না করে থাকেন, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। পঞ্চায়েত ভোট পর্যন্ত আগামী আড়াই বছর সরকার সমস্ত পঞ্চায়েত সদস্যদের সাথে একসাথে হাত মিলিয়ে কাজ করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।










