বেলেঘাটা থেকে হাওড়ার নতুন বাস রুটের প্রস্তাব, পরিবহনমন্ত্রীর কাছে আর্জি কুণাল ঘোষের

Published:

Kunal Ghosh Urges Transport Minister to Launch Beleghata to Howrah Bus

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) বেলেঘাটা মেন রোড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু করার প্রস্তাব নিয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন যে, অফিস যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও তাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে তিনি ফুলবাগান, বেলেঘাটা মেন রোড ও সেলস ট্যাক্স অফিস এলাকা হয়ে হাওড়া স্টেশন পর্যন্ত একটি নতুন বাস রুট (Bus Service) চালুর অনুরোধ জানিয়েছেন। পোস্টে কুণাল ঘোষ জানিয়েছেন যে, পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।

বেলেঘাটা মেন রোড থেকে হাওড়া পর্যন্ত বাস পরিষেবা চালুর প্রস্তাব পরিবহনমন্ত্রীকে

বেলেঘাটার বিধায়ক কুণাল তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, স্থানীয় বাসিন্দাদের অনেকেই অফিস যাতায়াতের জন্য এই রুটে বাস পরিষেবার প্রয়োজনীয়তার কথা তাঁকে বারংবার জানিয়েছেন। কুণাল ঘোষ লেখেন, নারকেলডাঙা মেন রোড দিয়ে মেট্রো যোগাযোগ ব্যবস্থা থাকলেও, বেলেঘাটা মেন রোড থেকে হাওড়া পর্যন্ত আরও ভালো বাস পরিষেবার প্রয়োজনীয়তা নিশ্চিতভাবে রয়েছে। এই চাহিদার পরিপ্রেক্ষিতেই তিনি মন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবও জমা দিয়েছেন।

বেলেঘাটার বিধায়ক জানিয়েছেন যে, তিনি অন্তত অফিস যাতায়াতের ব্যস্ত সময়ে এই পরিষেবা চালু করার অনুরোধ করেছেন। তাঁর দাবি, মন্ত্রী এই প্রস্তাবে সম্মত হয়েছেন এবং পরিবহন দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কুণাল ঘোষ এ-ও জানান যে, পরিবহন মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, সরকার যে নতুন ও আধুনিক ই-বাসগুলো সংগ্রহ করছে, তার মধ্যে কিছু এই প্রস্তাবিত রুটে চালানো হতে পারে।

আরও পড়ুন: গ্রুপ সি, গ্রুপ ডি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল SSC, কীভাবে দেখবেন রেজাল্ট?

অর্জুন সিংয়ের সঙ্গে আলোচনাকে সন্তোষজনক বলে বর্ণনা করলেও, কুণাল জানিয়েছেন যে পরিষেবাটি এখনও চালু হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগটি বাস্তবায়িত হলে বেলেঘাটার বাসিন্দারা উপকৃত হবেন। তবে, পোস্টে পরিষেবা শুরুর তারিখ বা সময়সূচি সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। আপাতত বিষয়টি কেবল মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে একটি প্রস্তাবের পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, কুণাল ঘোষ এই উদ্যোগটিকে জনস্বার্থে নেওয়া তাঁর আরও একটি পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, একজন বিধায়ক হিসেব স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন মন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন তিনি এবং মন্ত্রীও তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন। এই পদক্ষেপের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না খোঁজারও আবেদন করেছেন কুণাল। তাঁর এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো গণপরিবহনে অফিসযাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক করে তোলা। এই প্রস্তাবটি আগামী দিনে বাস্তবে রূপায়িত হয় কিনা, সেটাই এখন দেখার।

google button