সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র লিখিত পরীক্ষার ফলাফল (WBSSC Result) প্রকাশ করা হল। ২০১৬ সালের যোগ্য চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও বসেছিলেন সেই পরীক্ষায়। তবে জানা যাচ্ছে, চাকরিহারা বেশ কয়েকজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সামগ্রিক ফলাফলের বিচারে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য বিবেচিত হয়েছেন।
এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে পরীক্ষা হয়েছিল চলতি বছরের মার্চ মাসের শুরুতে। তবে তার মধ্যে সরকার পরিবর্তন হওয়ায় পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বেশ কিছুটা বিলম্ব হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশিত হল ফলাফল। দুই বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ছিল ৮৪৭৭টি। চাকরি প্রার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই নিজেদের ফলাফল চেক করে নিতে পারবেন।
কীভাবে চেক করবেন রেজাল্ট?
যারা চলতি বছর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসেছিলেন, তারা অনলাইনের মাধ্যমেই তাদের রেজাল্ট চেক করে নিতে পারবেন। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর রেজাল্ট অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর নিজের রোল নম্বর, ক্যান্ডিডেট নেম এবং ক্যাপচা কোড ইনপুট করতে হবে।
- তারপর চেক প্রিলিমিনারি ইন্টারভিউ রেজাল্ট অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে শো হবে বহু প্রতীক্ষিত ফলাফল।
আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির জট কাটিয়ে সাজছে বাংলা, নয়া শিল্পনীতির ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রাথমিকভাবে যা খবর পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার এসএসসির তরফ থেকে যে ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য বিবেচিত হয়েছেন। তবে গ্রুপ সি কর্মীদের ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট নেওয়া হবে। আর গ্রুপ ডি-দের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে বলেই খবর কমিশন সূত্রে। এ বিষয়ে এক চাকরিহারা গ্রুপ সি কর্মী জানিয়েছেন, যতদূর খবর পাওয়া যাচ্ছে, ২০১৬ সালের যোগ্য চাকরিহারাদের মধ্যে বেশ কয়েকজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।










