৬ এর বদলে মিলবে ৯ হাজার, কৃষকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

suvendu adhikary

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে সরকার বদলের পর কৃষকদের (Farmers) জন্য একাধিক আর্থিক সহায়তা ও নতুন সুযোগের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। বৃহস্পতিবার, ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগর ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই সরকারি কর্মসূচি থেকেই কৃষকদের জন্য একাধিক সুবিধার কথা জানান তিনি। তাঁর ঘোষণা অনুযায়ী, রাজ্যের প্রায় ৪৬ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। পাশাপাশি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানানো হয়।

কী কী সুবিধা পাবেন কৃষকরা?

কৃষকদের সেচের খরচ কমাতে বিদ্যুৎ বিলে ইউনিট প্রতি ২ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই সুবিধা পাবেন রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষক। পাশাপাশি, আলুচাষিদের জন্যও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। আলু অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না বলে আশ্বাস দেওয়ার পাশাপাশি, ট্রাক বা ট্রেনে আলু পরিবহণের জন্য কুইন্টাল প্রতি ৫০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। বাজারে আলুর ন্যায্য দাম না মিললে কৃষকদের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।

আলুচাষিদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনার ঘোষণাও করা হয়েছে। এই প্রকল্পে কৃষকদের বিমার প্রিমিয়ামের অংশ রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, হিমঘরে থাকা আলু দ্রুত বাজারজাত করার বিষয়েও উদ্যোগের কথা উঠে এসেছে। অন্যদিকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলার কৃষকদের জন্য বিশেষ প্যাকেজের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত ভুতনি চরের ১০ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণের কথাও ঘোষণা করা হয়েছে।

ধানচাষিদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। গত ২৫ সেপ্টেম্বর কৃষকদের জন্য একাধিক সুবিধার কথা জানাতে গিয়ে ধান কেনার ক্ষেত্রে কুইন্টাল প্রতি ২,৭০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা দূর করার আশ্বাসও দিয়েছিলেন। কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়। রাজ্য সরকারের অতিরিক্ত ৩,০০০ টাকা যুক্ত হলে কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের সহায়তা মিলিয়ে কৃষকদের আর্থিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিনের পুরশুড়ার অনুষ্ঠান থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও একাধিক ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। ক্ষতির মাত্রা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের ১ লক্ষ ৮০ হাজার, ৯০ হাজার এবং ৪০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি, রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাও চালু থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ৪০ শতকের বেশি জমি রয়েছে এমন কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে দুই কিস্তিতে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। কৃষকদের আর্থিক সুরক্ষা, সেচের খরচ কমানো এবং ফসলের ন্যায্য বাজার পাওয়ার বিষয়গুলিকে সামনে রেখেই এদিন একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।

আরও পড়ুন: শিক্ষার নামে ডিগ্রি বিক্রি চলবে না, রাজ্যের কলেজগুলিকে কড়া বার্তা উচ্চশিক্ষা মন্ত্রীর

শুভেন্দু অধিকারী জানান, “পিএম কিষানের যখন আরেকটি কিস্তি মাননীয় প্রধানমন্ত্রী দেবেন, তখন আবার আরেকটি কিস্তি আমরা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেব। অর্থাৎ, আপনারা পরিবর্তনের ফলে ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা পাবেন। এবং শুনলে খুশি হবেন, জনকল্যাণ শিবির ও সেবা সেতু সংকল্প অভিযানে আমরা বিগত সরকারের তুলনায় আরও ১ লক্ষ ৭১ হাজার কৃষককে পিএম কিষানে যুক্ত করতে পেরেছি। এটি আপনাদের বঞ্চিতদের কাছে নতুন পাওনা। প্রথম থেকেই আমাদের কৃষকদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। আমাদের ধানচাষি, আলুচাষি, সবজিচাষি, পাটচাষি, পানচাষি, আমাদের কৃষি, এগ্রি মার্কেটিং, উদ্যান পালন, সব ক্ষেত্রে আপনারা দু’হাত ভরে এবার আমাদের ভোট দিয়ে সরকারে আসতে সুবিধা করে দিয়েছেন।” এই বক্তব্যে মুখ্যমন্ত্রী নতুন করে ১ লক্ষ ৭১ হাজার কৃষককে পিএম কিষান প্রকল্পের আওতায় যুক্ত করার বিষয়টি জানিয়েছেন। ধান, আলু, সবজি, পাট ও পানচাষি-সহ কৃষির বিভিন্ন ক্ষেত্রের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতার কথাও তাঁর বক্তব্যে উঠে এসেছে।

google button