সৌভিক মুখার্জী, কলকাতা: গতকালই মোদীর ক্যাবিনেট মন্ত্রী জিতেন্দ্র সিং ককরোচ জনতা পার্টির বিদেশি ফান্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। পাকিস্তান এবং আমেরিকা থেকে সিজেপিতে টাকা আসত বলেই দাবি করেন তিনি। এমনকি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা এই বিদেশী ফান্ড সংগ্রহ করছেন বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে এবার তার পাল্টা জবাব দিলেন অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। সৌরভ দাস কোথা থেকে টাকা পাচ্ছেন, সেই প্রশ্নই সমাজমাধ্যমে তুলে ধরলেন দলের প্রতিষ্ঠাতা।
কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা জবাব অভিজিতের
বুধবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, “প্রচুর প্রমাণ রয়েছে যে তারা ভারতবিরোধী এনজিও আর ভারতবিরোধী বিভিন্ন সংগঠন থেকে অননুমোদিত উৎসের মাধ্যমে অর্থায়ন পাচ্ছেন। এই সংগঠনগুলি দেশের ভিতরে এবং বিদেশে—উভয় স্থানেই কার্যকর। বিদেশী অর্থায়নে চালিত এনজিও, ডিপস্টেটের এজেন্ট আর ভারতবিরোধী শক্তিগুলি এই অর্থায়ন করছে। অভিজিৎ দীপকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দাতাদের থেকে তহবিল পাচ্ছেন আর আশুতোষ রঙ্কা পাকিস্তানের নেতাদের কাছ থেকে তহবিল পাচ্ছেন।
এমনকি সম্প্রতি আমেরিকান গায়িকা মেরি মিলবেন অভিযোগ করেছিলেন যে অভিজিৎ দীপকে আমেরিকানদের কাছ থেকে অর্থ পাচ্ছেন। তাঁর কথায়, “ভারতের সকল তরুণ দেশপ্রেমিদের পাশে আছে। এখন চুপ থাকার সময় নয়। অভিজিৎ দীপকে এবং ককরোচ জনতা পার্টিকে সেইসব আমেরিকান দাতারা অর্থায়ন করছে, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী। এই বাছাই করা দাতাদের একটা ধারাবাহিক কৌশল রয়েছে। তারা বিশ্বজুড়ে রক্ষণশীল নেতাদের লক্ষ্যবস্তু বানায়, আর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা সেই দেশে তরুণদের খুঁজে বের করে উগ্রপন্থী করে দেশে ফেরত পাঠায়।”
Aur saurav ko???
— Abhijeet Dipke (@abhijeet_dipke) November 4, 2026
আরও পড়ুন: শিক্ষার নামে ডিগ্রি বিক্রি চলবে না, রাজ্যের কলেজগুলিকে কড়া বার্তা উচ্চশিক্ষা মন্ত্রীর
তবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের করা বিস্ফোরক দাবির পরিপ্রেক্ষিতে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিজিৎ দীপকে প্রশ্ন করেন, “আর সৌরভ?” আসলে ককরোচদের প্রধান তিন মুখ—অভিজিৎ দীপকে, আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস। সম্প্রতি দিল্লির যন্তরমন্তরে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সৌরভ এবং আশুতোষ। তারপর থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন আপাতত স্থগিত রেখেছেন তারা। তবে আশুতোষ এবং অভিজিতের বিরুদ্ধে বিদেশী ফান্ডের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই কারণেই এবার সিজেপি চিফের প্রশ্ন, তাহলে সৌরভ কোথা থেকে টাকা পাচ্ছেন!










