জানুয়ারি থেকেই যুবশক্তির কড়কড়ে ৩০০০ টাকা! হুগলি থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Yuva Shakti

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকালই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে যুবশক্তি (Yuva Shakti) নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নভেম্বরের শেষে ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্প নিয়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সেইমতো অনুমান করা হচ্ছিল, ডিসেম্বর থেকেই এই প্রকল্পে আবেদন শুরু হবে এবং বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে পাবেন ৩০০০ টাকা করে। তবে আজ হুগলির জনসভায় দাঁড়িয়ে একেবারে যুবশক্তি প্রকল্প চালুর দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপি সরকার কী কী উন্নয়ন করেছে সেই লিস্টও তুলে ধরলেন তিনি।

এইদিন থেকেই চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প

বেকার যুবক-যুবতীদের পাশে থাকবে রাজ্য সরকার, এই প্রতিশ্রুতি নির্বাচনের আগেই দিয়েছিল বিজেপি। সেই কারণেই তো যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকার বদলে যুবশক্তি প্রকল্পে ৩০০০ টাকা দেওয়া হবে বলে ভরসা দেওয়া হয়। প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে যুবশক্তি ভরসা স্কিম। বর্তমানে কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত না থাকলে এবং গ্র্যাজুয়েট হলেই মিলবে মাসে ৩০০০ টাকা। পাশাপাশি নন গ্র্যাজুয়েটরা পাবেন ২০০০ টাকা করে। বাজেটেই এই প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী। তবে তিনি জানিয়েছিলেন, অক্টোবর মাস থেকে সুবিধা দেওয়া শুরু হবে। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে তা কিছুটা পিছিয়েছে।

এদিন হুগলিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার শুভ উদ্বোধন করতে গিয়ে জনসভায় দাঁড়িয়ে যুবশক্তি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ভরসা। আগামী ২৩ তারিখ ক্যাবিনেটে এই ভরসা স্কিমের ব্যাপারে আমরা অনুমোদন দেব, এবং আপনারা জানুয়ারি মাস থেকে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েটরা ভরসা স্কিমে আমার যারা বেকার যুবক-যুবতীরা আছেন, অন্য কোনও স্কিমের সুযোগ পাচ্ছেন না, তাদের পাশে ওই সরকার দাঁড়াবে। তারা যতক্ষণ না পর্যন্ত চাকরি পায়, তাদের পাশে এই সরকার থাকবে।

আরও পড়ুন: ৬ এর বদলে মিলবে ৯ হাজার, কৃষকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সরকার কী কী করেছে, আইসিডিএস-এ খাবারের বরাদ্দ ছিল ৮ টাকা। বাড়িয়ে করেছে ১০ টাকা। প্রসূতী মায়েদের ছিল ১২ টাকা। করেছে ১৪ টাকা। প্রাইমারির মিড-ডে মিল ছিল ৬ টাকা ৭০। করেছে ১০ টাকা। হসপিটালে ডায়েট ছিল তিনবারে ৫৬ টাকা ৪০ পয়সা। ১৭ সালে লাস্ট বেড়েছিল। ১০ বছর বাড়ায়নি। আমরা বাড়িয়ে করে দিয়েছি ১১০ টাকা। দেখবেন, হাসপাতালের খাবার বদলে গিয়েছে। আরামবাগ মেডিকেল কলেজসহ ১৩টি মেডিকেল কলেজে আরও আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য অনুমোদন নেওয়া হয়েছে।”

google button