সৌভিক মুখার্জী, আলিপুর: এবার সরকারি দফতরে অগ্নিকাণ্ড (Alipore Office Fire)। দক্ষিণ ২৪ পরগনার আলিপুরে এক জেলা পরিষদের বহুতল দফতরে ভয়াবহ আগুনে পুড়ে ছারখার হয়ে যায় সবকিছু। আজ সকাল পৌনে দশটা নাগাদ ঘটে এই ঘটনা। ইতিমধ্যে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে দমকল কর্মীদের। সূত্রের খবর, বেশ কয়েকজন সরকারি কর্মচারী ওই বহুতলে আটকা পড়েছেন। কিন্তু কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
আলিপুরের সরকারি দফতরে অগ্নিকাণ্ড
আজ সকালে স্থানীয়রা ওই বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখেন। তড়িঘড়ি তাঁরা দমকলকে খবর দেন। সূত্রের খবর, বহুতলের চতুর্থ তলা থেকেই আগুনের সূত্রপাত। ধীরে ধীরে তা পঞ্চম এবং ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। তবে তখন অফিসের ভিতরে ছিলেন কিছু কর্মী। প্রাথমিকভাবে অনুমান, কোনও শর্ট সার্কিটের কারণেই এই আগুনের সূত্রপাত। তবে যেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল, তাই দমকল বাহিনী সিঁড়ি দিয়ে উঠতে পারেননি। বাধ্য হয়ে জানলার কাঁচ ভেঙেই তাঁদেরকে আগুন নেভাতে হয়। এমনকি যে ভবনটিতে আগুন লেগেছে, সেখানকার বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে।
ওই সূত্র আরও দাবি করছে, অফিস চালু হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত। এমনকি ওই দফতরের আশেপাশে আরও বেশ কিছু সরকারি ভবন রয়েছে। সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু দমকল কর্মীরা জোরকদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এমনকি ভবনের উপরের তলাগুলোতে কয়েকজন রংমিস্ত্রি কাজ করছিলেন বলেও খবর। তাদেরকে দড়ি দিয়ে কোনওক্রমে দমকলকর্মীরা নিচে নামিয়ে আনেন। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা কর্মীদের।
আরও পড়ুন: কলকাতা ফিরলেই গ্রেফতার অভিষেক? বিমানবন্দরে নজর রাখছে CID
জানা গিয়েছে, জেলা পরিষদের কর্মীদের দফতর থেকে এই আগুনের সূত্রপাত, যেটি ওই ভবনের চতুর্থ তলায় অবস্থিত। এতে অনেক সরকারি ডকুমেন্ট পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে কারণ হিসেবে ধরা হলেও এই অগ্নিকাণ্ডের সূত্রপাত খতিয়ে দেখছেন দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসন।










