প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা হারাতেই আরও বিপাকে অভিষেক (Abhishek Banerjee)! বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্য তলব করল CID। জানা গিয়েছে, বিধানসভায় সই জাল কাণ্ডে CID তলবে তিন বার হাজিরা এড়িয়েছেন তিনি, তাই সেই কারণে অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হল সিআইডির তরফে। আশঙ্কা করা হচ্ছে, তবে কি কলকাতা ফিরলেই গ্রেপ্তার করা হবে অভিষেককে?
অভিষেকের নামে বিমানবন্দরে খোঁজখবর CID-র
গত কয়েক দিন ধরেই বিধানসভায় সই জালকাণ্ড নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূলের অন্দরে। আর সেই কারণে ‘বিধায়ক সই জাল কাণ্ড’ ঘটনার তদন্তে নেমেই CID তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল। কিন্তু একাধিক কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। তৃতীয়বার, দিল্লিতে রয়েছেন জানিয়ে সিআইডির কাছে সময় চান তিনি। তারপরই অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হল সিআইডির তরফে। ওয়াকিবহাল মহলের ধারণা, কলকাতা ফিরলেই হয়ত গ্রেপ্তার হতে পারেন তৃণমূল ‘সেনাপতি’। এদিকে সই জাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক।
আজ হতে পারে শুনানি
সূত্রের খবর সই জাল কাণ্ড ঘটনায় CID-র তরফে দেওয়া নোটিশকে সম্পূর্ণ ‘বেআইনি’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও সেই মামলার শুনানি হয়নি। আজ, বুধবার সম্ভবত সেই মামলার শুনানি। ফলে এই মুহূর্তে হাই কোর্টেও ঝুলে রয়েছে তাঁর ভাগ্য। গতকাল, সই জাল কাণ্ডের তদন্তে রেজোলিউশনের কপির খোঁজে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেখানেও তল্লাশি চালিয়েছিলেন অফিসাররা।
আরও পড়ুন: আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে লাগবে রেশন কার্ড, E-Kyc-র ডেডলাইন নবান্নর
প্রসঙ্গত, সই জাল কাণ্ডের ঘটনায় অভিযোগ উঠেছিল যে বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাব করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি পাঠিয়ে ছিলেন, সেখানে হরিশ চ্যাটার্জী স্ট্রিটের পাশাপাশি ক্যামাক স্ট্রিটের এই ঠিকানাও ছিল। তাই সেই ভিত্তিতে গতকাল তল্লাশি অভিযানে গিয়েছিল CID। কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে হাজির হয়েছিলেন কুণাল ঘোষও। তাঁকে এই সিআইডি হানা নিয়ে প্রশ্ন করলেও তিনি সেই প্রসঙ্গে কোনও উত্তর দেননি, তিনি জানান, বিশেষ কাজে তিনি ওই পার্টির অফিসে এসেছেন। কিন্তু সিআইডি কুণাল ঘোষকে ভিতরে ঢুকতে দেয়নি।










