আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে লাগবে রেশন কার্ড, E-Kyc-র ডেডলাইন নবান্নর

Published:

Ayushman Bharat Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পালাবদল হতেই কেন্দ্রের প্রকল্পগুলি একের পর এক গতি পাচ্ছে। প্রথম মন্ত্রীসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আয়ুষ্মান ভারত কার্ডের (Ayushman Bharat Yojana) অনুমোদন দিয়েছিলেন। ইতিমধ্যেই তার বাজেট ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলত আনুষ্ঠানিকভাবেই এবার রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়িত হতে চলেছে। তবে রেশন কার্ড থাকলেই কি মিলবে এই প্রকল্পের সুবিধা? এ বিষয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর (Government of West Bengal)।

আয়ুষ্মান ভারত নিয়ে নয়া নির্দেশিকা

প্রসঙ্গত, ৬ জুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে কলকাতা পুরসভার কমিশনার, সমস্ত জেলার জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে, এনএফএসএ-র ডেটাবেস ধরেই উপভোক্তা নির্বাচন করা হবে। তবে ওই ডেটাবেসের আওতায় যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে অর্থাৎ SPHH, PHH, AAY কার্ডের মালিক, তাদেরকেই উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

কিন্তু হ্যাঁ, স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি না করলে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাওয়া যাবে না। এমনকি সেই ডেডলাইনও বেধে দিয়েছে স্বাস্থ্য ভবন। আগামী ২৫ জুনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এমনকি গতকাল অর্থাৎ ৯ জুন থেকেই গোটা রাজ্যজুড়ে উপভোক্তাদের ভেরিফিকেশন আর রেশন কার্ডের ই-কেওয়াইসি শুরু হয়েছে।

Ayushman Bharat Notice

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পরবর্তী স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল প্রকাশ, কোথায় দেখবেন?

এদিকে এই প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য রাজ্য প্রশাসনের তরফ থেকে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ব্লক এবং পুরসভা স্তরে বাড়ি বাড়ি উপভোক্তাদের যাচাই করার জন্য ফিল্ড অফিসারদের মোতায়েন করা হচ্ছে। এমনকি সেক্ষেত্রে কোনও গ্রুপ বি অফিসার নেওয়া চলবে না বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি ফিল্ড ভেরিফিকেশনের সমস্ত কাজ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই করতে হবে, এবং ভেরিফিকেশনের টিমগুলোকে যোগ্য উপভোক্তাদের সঠিক শনাক্তকরণ ও যাচাইকরণের পর সংগৃহীত ডেটা নির্দিষ্ট পোর্টালে ডিজিটাল ভাবে আপলোড করারও নির্দেশিকা জারি করা হয়েছে।