সহেলি মিত্র, কলকাতা: দিওয়ালির আগেই বড় সুখবর পেলেন পুরসভার অস্থায়ী কর্মীরা (Municipality Workers)। সকলের মজুরি বৃদ্ধির ঘোষণা করল প্রশাসন। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি জানিয়েছেন, পুরসভার অস্থায়ী কর্মীদের ৬০ টাকা করে মজুরি বাড়ানো হল। আপনিও কি পুরসভার অস্থায়ী কর্মী? তাহলে চলুন বিশদে জেনে নেবেন।
পুরসভার অস্থায়ী কর্মীদের মজুরি বাড়ল
মঙ্গলবার গারুলিয়া পুরসভায় (Garulia Municipality) গিয়ে এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী অর্জুন সিং। হ্যাঁ ঠিক আন্দাজ করেছেন, গারুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীদের ৬০ টাকা মজুরি বেড়েছে। অর্থাৎ সামনের মাস থেকে তাঁরা আরও বেশি করে টাকা পাবেন। অর্জুন সিং ফেসবুকে জানিয়েছেন, ‘একাধিক ইস্যুতে নিজের বিধানসভা কেন্দ্রের গারুলিয়া পুরসভায় আজ আমি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলাম। সুষ্ঠুভাবে ছটপুজো সম্পন্ন করার লক্ষে উক্ত বৈঠকে আমি সমস্ত ঘাট সংস্কার করে সাজিয়ে তোলার কথা বলেছি। তাছাড়া কাঙালী ঘাটে একাধিক ঘরবাড়ি গঙ্গার গ্রাসে চলে গিয়েছে। বৈঠকে স্থির হয়েছে, পুরসভার তরফে বাড়িগুলি পুনরায় তৈরি করা হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জুটমিল-সহ একাধিক কারখানার কর অনেক বকেয়া হয়ে গিয়েছে। নোটিশ দেবার সাতদিনের মধ্যে বকেয়া কর পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: কোচিং ছাড়াই NEET ক্র্যাক, ডাক্তার হওয়ার পথে কালচিনির আদিবাসী কন্যা জেমিনা
তিনি আরও লেখেন, ‘সবচেয়ে খুশির খবর হল, পুরসভার অস্থায়ী কর্মচারীদের ৬০ টাকা করে মজুরি বর্ধিত করা হয়েছে।’ এদিনের উক্ত বৈঠকে হাজির ছিলেন পুরসভার প্রশাসক সঞ্জীব সেন, এক্সিকিউটিভ অফিসার শিব শঙ্কর বণিক-সহ এক্সিকিউটিভ কমিটির সদস্য সুনীল সিং, গৌতম বসু, সমীরেন্দ্র কৃষ্ণ সাহা, দলের ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং প্রমুখ।
উপকৃত হবেন ৪০০ কর্মী
জানা গিয়েছে, প্রশাসনের নতুন ঘোষণার ফলে আগামী দিন থেকে উপকৃত হবেন ৪০০ জন কর্মী। এতদিন সকলের ৩১০ টাকা করে পেতেন। তবে এবার তা বেড়ে হল ৩৭০ টাকা।
আরও পড়ুন: রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনে বন্ধ চার্জিং পয়েন্ট, নয়া নিয়ম রেলের
অন্যান্য পুরসভার অস্থায়ী কর্মীদেরও মজুরি বাড়বে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী। উৎসবের আবহে এহেন মজুরি বৃদ্ধির ঘোষণায় বেজায় খুশি সকলে।










