মেসি কাণ্ডে টিকিটের দাম ফেরত পাবেন ৩৩ হাজার ভক্ত! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডিসেম্বরে শহরে এসেছিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি (Lionel Messi)। তারপর বাকিটা বাংলার ক্রীড়া জগতের অন্ধকার অধ্যায় হয়ে রয়েছে। না মেসি কিছু করেননি, বরং চূড়ান্ত অব্যবস্থার কারণে সল্টলেক স্টেডিয়ামে টিকিট কেটে মেসিকে দেখতে এসেও হতাশ হয়েছিলেন ভক্তরা। যার ফলাফল চূড়ান্ত বিশৃঙ্খলা। শনিবার, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে নবান্ন থেকে মেসি কান্ডের কথা স্মরণ করে বড় আশ্বাস (Messi Event Ticket) দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুললেন টিকিটের টাকা ফেরতের প্রসঙ্গও।

মেসিকাণ্ডে টিকিটের টাকা ফেরাবে রাজ্য সরকার?

এদিন গোটা দেশজুড়ে পালিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস। আর এই দিনেই নবান্নে অনুষ্ঠান করে কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা এবং চাকরির নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মেসি কান্ডের প্রসঙ্গ তোলেন তিনি। এদিন ক্রীড়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, প্রাক্তন হকি প্লেয়ার গুরুবক্স সিংও।

এদিন ক্রীড়াক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিত্বদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মেসির অগণিত ভক্ত। তাঁরা 4,000, 6,000 টাকা দামের টিকিট কেটেছিলেন। আমাদের ইচ্ছা আছে যাতে 33,000 ক্রীড়াপ্রেমীর টিকিটের টাকা যদি ফিরিয়ে দিতে পারি। আমি ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আশা করি এই কাজটা করতে পারব।” মুখ্যমন্ত্রীর এই এক বক্তব্যের পরই মেসিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাওয়া ভক্তরা টিকিটের টাকা ফেরত পাওয়ার আশায় একপ্রকার দিন গোনা শুরু করলেন।

 

আরও পড়ুন: গাড়ি থামিয়ে দেদার তোলাবাজি, সার্জেন্ট সহ দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল লালবাজার

উল্লেখ্য, এদিনই রাজ্যে ক্রীড়া ব্যবস্থার উন্নতির স্বার্থে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ক্রীড়া ক্ষেত্রে 400 কোটি টাকা বাজেট ধরেছি। যদিও এটা পূর্ণাঙ্গ নয় বরং আট মাসের। 294টি বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। সেখানে থাকবে জিম, টেনিস কোর্ট এবং ব্যাডমিন্টন কোর্ট। এক বছরে তো 294টা স্টেডিয়াম তৈরি করা সম্ভব নয়। এবছর অন্তত 100টা স্টেডিয়াম গড়ব।”