নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশে উদ্ধার অর্ধনগ্ন মহিলার দেহ, তদন্তে রেল ও পুলিশ

Published:

Woman Body Found

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে ফের বঙ্গে ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। শনিবার সাতসকালে নবদ্বীপে (Nabadwip) এক অজ্ঞাতপরিচয়ের মহিলার দেহ উদ্ধার (Woman Body Found) ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে। জানা গিয়েছে পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছে উদ্ধার করা হয়েছে দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানা ও রেল পুলিশ। চলছে তদন্ত।

উদ্ধার অর্ধনগ্ন মহিলার দেহ

রিপোর্ট মোতাবেক, আজ, শনিবার, সকালে পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছে একটি মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। আর সেই দৃশ্য দেখার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ আসার পরই ওই মহিলার দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ওই মহিলাকে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। কিন্তু এখনও তাঁর নাম পরিচয় জানা যায়নি।

তদন্তে নেমেছে পুলিশ

সূত্রের খবর, ওই মহিলার মৃতদেহ ঠিক কী কারণে হয়েছে তা জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে যে এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল, সেখানে একটি মদের দোকান রয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা ওই মহিলাকে অন্যত্র খুন করে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে ফেলে দিয়ে যাওয়া হয়। তবে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের স্থানীয়দের সঙ্গে কথাবার্তা চলছে পুলিশের। সেখানকার বাসিন্দা দেবাশিষ ঘোষ বলেন, ‘সকালে চা খেতে এসে ঘটনার কথা জানতে পারি। ওই মহিলা এই এলাকার বাসিন্দা নন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে।’

আরও পড়ুন: পোলিং বুথে ১০০ মিটার টানা থাকবে ‘লক্ষ্মণরেখা’, আরও কড়া নিয়ম আনছে কমিশন

রাজনৈতিক তরজা

জানা গিয়েছে নবদ্বীপ থানার পুলিশ নাম পরিচয় জানার জন্য ওই মহিলার ছবি নদিয়া, বর্ধমান ও আশেপাশের জেলাগুলির কন্ট্রোল রুমে পাঠিয়ে দিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী নাম না করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বলেন, ‘এই তো নবদ্বীপের শান্তির ছবি। এর আগেও এখানে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়না। আজও এই বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, এটাই তার জ্বলন্ত উদাহরণ!’ যদিও তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।