অনন্যা সরকার, কলকাতা: সারা পশ্চিমবঙ্গে ডিম (Egg) এখন জোর চর্চায়। বিগত শাসকদলের ছোট বড় নেতাদের ওপর ‘ডিম বর্ষণ’ এরাজ্যের চেনা ছবি হয়ে উঠেছে। তারই মধ্যে এবার চরচড়িয়ে বাড়ছে ডিমের দাম (Price of Eggs)। গত ১০ দিনে এক ট্রে ডিমের দাম বেড়েছে ২০ টাকা। প্রতিদিনই প্রায় ১০ পয়সা ২০ পয়সা করে চড়ছে দাম। তাই ডিম কিনতে কার্যত মধ্যবিত্তের মাথায় হাত।
ডিমের দাম কত দাঁড়ালো ?
ন্যাশানাল এগ কোঅর্ডিনেশন কমিটি (NECC)-এর তথ্য অনুযায়ী, ২০ দিন আগে কলকাতায় এক ট্রে ডিমের দাম পাইকারি বাজারে ছিল ১৮৬ টাকা। আর খুচরো বাজারে এই ট্রে বিক্রি হত ২০০ থেকে ২০৫ টাকা মূল্যে। কিন্তু গত ১০ দিনে এই দামে এসেছে বিরাট বদল। বর্তমানে কলকাতার পাইকারি বাজারে এক ট্রে ডিমের দাম ২০৬ টাকা। আর খুচরো মার্কেটে এই ট্রে ২২০ টাকা থেকে ২২৫ টাকার মধ্যে বিকোচ্ছে। পাড়ার দোকানগুলিতে একজোড়া ডিম এখন ১৫ থেকে ১৬ টাকা দামে বিক্রি হচ্ছে। আর একটা ডিম কিনতে খরচ হচ্ছে ৮ টাকা।
ডিমের এই মূল্যবৃদ্ধির পিছনে অনেকে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। আসলে গত মে মাসে তৃণমূলকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছে বিজেপি। আর তারপর থেকেই পূর্বতন সরকারের বিভিন্ন নেতা-মন্ত্রীদের নানান দুর্নীতির কথা সামনে আসছে। অনেকে গ্রেফতারও হচ্ছেন। মানুষের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রোজই ছোট-বড় নেতা-মন্ত্রীদের লক্ষ্য করে পচা ডিম ছোঁড়া হচ্ছে। শাসকদলের অনেকে এখন তাই ব্যঙ্গ করে বলছেন ডিমের দাম বেড়ে যাওয়ার পিছনে এই কারণই রয়েছে।
আরও পড়ুনঃ বর্ষায় ঘরের ভ্যাপসাভাব কাটাতে এই মোডে চালান AC, কম আসবে বিদ্যুতের বিলও
তবে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি জানিয়েছেন যে, বর্তমানে ডিমের উৎপাদনের পিছনে যা খরচ হচ্ছে তাতে এর দাম ৮ টাকা না হলে চাষীদের লাভ থাকবে না। গরমকালে এমনিতেই উৎপাদন কিছুটা কম হয়। এদিকে, গত এক মাসে পোল্ট্রি খাতে খরচ ৬০ শতাংশ বেড়েছে, তাই পোল্ট্রি মালিকদের ওপর খরচের চাপ অনেকটাই বেড়ে গেছে। এটি ডিমের দামের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। রাজনৈতিক কারণ আছে কিনা জিজ্ঞাসা করার মদন মাইতি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন প্রায় সাড়ে চার কোটি ডিম কেনেন, এরমধ্যে কত শতাংশই বা আর ছোঁড়া হচ্ছে। কাঁচামালের মূল্য বৃদ্ধিই এই দামের আসল কারণ।










