লিভ-ইন থেকে ডিভোর্স, আর কীসে কীসে কড়া নিয়ম? বাংলায় লাগুর পথে UCC

Published:

UCC Bill

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারের বদল হয়েছে বাংলায়। সেই সূত্রে এবার গুজরাট, অসমের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গতেও পেশ হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড (UCC Bill)। জানা গিয়েছে, চলতি বিধানসভা সেশনেই আগামী সোমবারের অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে। কিন্তু কী রয়েছে এই বিলের মূল উদ্দেশ্য? লিভ-ইন সম্পর্ক নিয়ে কী বলছে এই ইউসিসি বিল? বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।

রাজ্যে চালু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড

আসলে প্রথমবার উত্তরাখণ্ড রাজ্য সরকারের তরফ থেকে এই ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হয়েছিল। তারপর ধাপে ধাপে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, গুজরাটের মতো একাধিক রাজ্যে বিভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে চালু করা হয়েছে ইউসিসি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকেই এই বিল পেশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সূত্রে প্রশ্ন উঠছে, এই বিল লাগু হলে রাজ্যে ঠিক কী কী বদল ঘটবে? অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির মতো সমস্ত নিয়ম কি বাংলাতেও কার্যকর হবে?

আসলে এই ইউনিফর্ম সিভিল কোডের মূল লক্ষ্য হল ধর্মভিত্তিক আইনের বদলে এক এবং অভিন্ন আইন লাগু করা। সেক্ষেত্রে এই বিল কোনও ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন হিসেবে কাজ করবে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এই বিল দেশের সমস্ত নাগরিকের জন্য বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার বা কিংবা দত্তক সন্তান গ্রহণ বা সম্পত্তির অধিকারের মতো ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করবে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি একক আইন হিসেবে কাজ করবে, যেটি সবার জন্য ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের বৈষম্য দূর করবে।

এবার অনেকেই মনেই প্রশ্ন আসছে যে, লিভ-ইন কিংবা বিবাহ সংক্রান্ত নিয়ম নিয়ে কী বলছে এই বিল? আসলে পশ্চিমবঙ্গে এই বিল লাগু হলে বিয়ের ৬০ দিনের মধ্যেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বর্তমানে লিভ-ইন রিলেশনের ক্ষেত্রে কোনওরকম রেজিস্ট্রেশন দরকার পড়ে না। কিন্তু এই বিল চালু হলে লিভ-ইন রিলেশন শুরুর ৩০ দিনের মধ্যেই অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সরকারকে জানিয়েই লিভ-ইন রিলেশনে মত্ত হতে হবে। আর যদি নিয়ম অমান্য করা হয় তাহলে গুনতে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরে কজন ভারতীয় সেনা জওয়ান শহিদ? প্রথমবার জানাল ভারত

এছাড়া বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একক আইন কার্যকর করা হবে এই বিলের আওতায়। এমনকি বহুবিবাহের মতো প্রথা নিষিদ্ধ করা হবে, এবং ধর্ম নির্বিশেষে সমান আইনি সুরক্ষা প্রদান করা হবে। এই বিলের মূল লক্ষ্য হল ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের ক্ষেত্রে একই ধরনের দেওয়ানি আইন কার্যকর করা।