সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার বদল হতেই কলকাতার স্কুলগুলির মিড-ডে মিল (Mid-Day Meal) বা পিএম পোষণের দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। এমনকি কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাতেও এই দায়িত্ব পেয়েছিল ইসকন। খাবারের গুণগত মান আগের থেকে অনেকটাই উন্নত হয়েছিল বলেই দাবি শিক্ষক এবং পড়ুয়াদের। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল ইসকনের অক্ষয় পাত্র ফাউন্ডেশন। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, ইসকনের এই সংস্থার সাথে অনুমোদন বাতিল করেছে সরকার।
ইসকনের সাথে চুক্তি বাতিল রাজ্যের
প্রসঙ্গত, গত ২১ আগস্ট অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি স্কুলের মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয়েছে, এবার সেই অনুমোদন বাতিল করেছে রাজ্য সরকার। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার মিড-ডে মিল এবং পিএম পোষণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা লিখিতভাবে পাঠানো হয়েছে। কী কারণে হঠাৎ করে এই ছন্দপতন তা এখনও সামনে আসেনি। তবে গত ১১ সেপ্টেম্বর দফতরের তরফ থেকে এই নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হল।
জানিয়ে রাখি, রাজ্যে সরকারের পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন ইসকনকে। এমনকি সেই সময় জানানো হয়েছিল যে, কলকাতার স্কুলগুলিতে তারা সফলভাবে পরিচালনা করতে পারলে অন্যান্য জেলার স্কুলগুলিতেও বরাদ্দ করা হবে। সেই সূত্রে, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় এই দায়িত্ব দেওয়া হয়। তবে নিরামিষ খাবার দেওয়ার মতো বিভিন্ন রকম বিতর্ক তৈরির পাশাপাশি ডিম দেওয়া হবে না বলেও অভিযোগ উঠলে রাজ্য সরকার সেই দাবি খারিজ করে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের
যদিও এখনও কলকাতার সমস্ত স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের আওতায় আসেনি। ধাপে ধাপে তা চালু করা হবে এবং তার জন্য কয়েকটা মাস সময় লাগতে পারে বলেই জানিয়েছিল রাজ্য সরকার। বর্তমানে কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল দেওয়ার দায়িত্ব সামলাচ্ছে অন্নামৃত ফাউন্ডেশন। কিন্তু নতুন সংস্থার তরফ থেকে সেই অনুমোদন বাতিল করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতরকে পাঠানো হয়েছে চিঠি।










